
ঢাকায় জঙ্গিবাদী সন্ত্রাসী হামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার পেয়েছে। নিচে কিছু প্রভাবশালী শীর্ষ গণমাধ্যমের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো:
আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের ভূমিকা অস্বীকার করছে সরকার: নিউইয়র্ক টাইমস
এই হামলা এ ভীতি তৈরি করেছে যে একদা মধ্যপন্থী দেশটি আন্তর্জাতিক জঙ্গিবাদী চক্রের একের পর এক সন্ত্রাসী হামলার খপ্পরে পড়েছে। তবে বাংলাদেশ সরকার বারবার এ কথা বলে যাচ্ছে, এসব হামলা বাইরের কোনো গোষ্ঠীর কাজ নয়, দেশি গোষ্ঠীগুলোই এর নেপথ্যে আছে।
সন্ত্রাসীরা যেকোনো সময় যেকোনো জায়গায় হামলা করতে পারে: দ্য টেলিগ্রাফ, যুক্তরাজ্য
যুক্তরাজ্যের পত্রিকাটি মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনে দেওয়া বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টিকে উদ্ধৃত করেছে। ওই সাক্ষাৎকারে মরিয়ার্টি হামলাস্থল গুলশানকে ‘বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রস্থল’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘পবিত্র রমজানের সন্ধ্যায় প্রচুর মানুষ পরিবারের সদস্যদের সঙ্গে বাইরে থাকে। এই হামলা আমাকে এই বার্তা দিচ্ছে যে, সন্ত্রাসীরা একটি বড় ঘটনা ঘটাতে চেয়েছে। তারা এই বার্তা দিতে চেয়েছে যে, তারা যেকোনো সময় যেকোনো স্থানে হামলা চালাতে পারে।’
গুলশানও নিরাপদ নয়: বিবিসি
সন্দেহভাজন জঙ্গিদের হামলায় গুলশানে এক ইতালীয় উন্নয়নকর্মী নিহত হওয়ার পর সরকার এ এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। এরপর থেকে এমন অবস্থা ছিল যে কোনো নিরাপত্তাচৌকিকে পাশ কাটিয়ে এই এলাকায় যাওয়া কঠিন ছিল। কিন্তু এ হামলার পর দেখা গেল, গুলশানও নিরাপদ নয়।
স্থানীয় জঙ্গি সংগঠন থেকে কর্মী সংগ্রহ করছে আইএস: দ্য ইনডিপেনডেন্ট
আইএস গত বছরের শেষ দিকে বাংলাদেশে তাদের উপস্থিতির ঘোষণা দেয়। বিশ্লেষকেরা মনে করেন, তারা দেশে আগে থেকেই থাকা জঙ্গি সংগঠনগুলো থেকে তাদের কর্মী সংগ্রহ করছে।
সরকারের ক্ষমতা প্রশ্নবিদ্ধ: ইউএসএ টুডে
সালমা নামের ঢাকার এক বিজ্ঞাপনী সংস্থার কর্মীকে উদ্ধৃত করে পত্রিকাটি লেখে, ঢাকায় এখন ভীতি বিরাজ করছে। উচ্চমাত্রার নিরাপত্তাব্যবস্থা যে এলাকায় আছে, সেখানে এই হামলার ফলে মানুষ বর্তমান সরকারের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।
সন্ত্রাসী হামলা বেড়ে যাচ্ছে: আল-জাজিরা
দেড় বছর ধরে বাংলাদেশে হামলার সংখ্যা বেড়ে যাচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রে ধারালো অস্ত্র দিয়ে চালানো এসব হামলার শিকার হচ্ছে প্রগতিশীল মানুষ, বিদেশি এবং ধর্মীয় সংখ্যালঘুরা।
নিজামির ফাঁসি কার্যকরের প্রেক্ষাপটে এ ঘটনা : দ্য সিডনি মর্নিং হেরাল্ড
গত মে মাসে একটি ইসলামপন্থী দলের নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের ঘটনার পর রেস্তোরাঁয় এই হামলা হলো। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে গণহত্যা এবং অন্যান্য অপরাধের জন্য তাঁর ফাঁসি হয়। এ ঘটনায় নিজামির সমর্থকদের মধ্যে তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। কিছু বিক্ষিপ্ত হামলার ঘটনাও ঘটে।