বিএনপির আন্দোলনের কোনো প্রস্তুতি আছে বলে বিশ্বাস করেন না যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার সকালে অক্সিজেন-হাটহাজারী সড়কের সম্প্রসারণের কাজ সরেজমিন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আন্দোলনের কোনো লক্ষণ দেখছে না মানুষ। সাধারণ মানুষ আন্দোলনের মুডে নেই। আন্দোলন হতে হবে জনগণকে নিয়ে। গণ-আন্দোলনের বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই। জনগণ আন্দোলনে যদি সাড়া না দেয়, সেই আন্দোলনে সফলতা কখনো আসবে না।
বিএনপি ও জোটের নেতা-কর্মীদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, আপনারা রাস্তা কাটবেন, পেট্রল বোমা মারবেন, গাছ কাটবেন, মানুষ পুড়িয়ে মারবেন, ককটেল মারবেন—এতে বেশি লোক লাগে না। আর এটা তো গণ-আন্দোলন হতে পারে না। এটাকে বলা হয় সহিংসতা। যদি জনগণকে নিয়ে আন্দোলন করেন এবং সেটার চরিত্র অহিংস হলে সেখানে সরকার এবং দল হিসেবে আওয়ামী লীগ কোনো বাধা দেবে না। আর আন্দোলন যদি সহিংসতায় রূপ নেয় এবং তারা যদি ককটেল মারে, বোমা ফাটায়, রেললাইন উপড়ে ফেলে কিংবা রাস্তা কেটে দেয় তাহলে জনগণের জানমাল রক্ষার্থে সমুচিত জবাব দিতে প্রস্তুত আছে সরকার।
ওবায়দুল কাদের বলেন, আগামী রোজার ঈদের আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ শেষ হবে। চলতি অর্থবছরের মধ্যে শেষ হবে অক্সিজেন-হাটহাজারী সড়কের কাজ। বৃষ্টির কারণে কাজে ব্যাঘাত ঘটছে। তবু গত ১৫ বছরের তুলনায় এবারই প্রথম মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে।