'আন্দোলন কখনো ব্যর্থ হয় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলন কখনো ব্যর্থ হয়নি এবং হবেও না। চলমান আন্দোলনেই শেখ হাসিনার পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাই এখন সারা দেশে একটি কথা, একটি স্লোগান—‘এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি’।
১৮-দলীয় জোটের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের নাসিমন ভবনের সামনে আয়োজিত এক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ কথা বলেন।
গতকাল নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার, বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিমউদ্দিন ও মাহবুবুর রহমান, নগর বিএনপির সহসভাপতি সামসুল আলম ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন এবং নগর জামায়াতের নায়েবে আমির আহসান উল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।
আবদুল্লাহ আল নোমান আরও বলেন, ‘নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মেনে শেখ হাসিনার অধীনে নির্বাচনের তফসিল ঘোষণা করলে আন্দোলন আরও তীব্রতর করতে হবে। নীলনকশার কোনো নির্বাচন আমরা বাংলাদেশে হতে দেওয়া যাবে না।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা রাজপথ পাহারা দিয়ে রাখবেন। তারা উল্লাস করে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এলাকায় সেই মনোনয়নপত্র জমা দিতে এলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে বলেন, ‘একতরফা ও প্রহসনের নির্বাচনে আপনারা কোনো সহযোগিতা করবেন না। যদি এই নির্বাচনী কর্মকাণ্ডে আপনারা সম্পৃক্ত থাকেন, তাহলে আপনাদেরও স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত করা হবে।’
সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, ‘বাংলার মাটিতে প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না। স্বৈরাচারী এরশাদকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা নির্বাচন করার যে স্বপ্ন দেখছেন, তা ভন্ডুল করতে হবে।