'আন্দোলন চালিয়ে গেলে অধিকার আদায় হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায় বলেছেন, ‘আদিবাসীদের ওপর রাষ্ট্রের বৈষম্যের ধারা যতই প্রতিকূল থাকুক না কেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে অবশ্যই অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যেতে পারব। হতাশ হলে চলবে না, সৎসাহস রেখে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে গেলে অবশ্যই অধিকার আদায় হবে।’
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শোভাযাত্রা-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজা দেবাশীষ রায় এ কথা বলেন।
বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য অঞ্চল শাখার উদ্যোগে সকাল সাড়ে ১০টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে সমাবেশের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
সমাবেশে শোভাযাত্রার উদ্বোধক রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার বলেন, ‘পার্বত্য চট্টগ্রামসহ দেশের সব অঞ্চলের আদিবাসীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আদিবাসীরা অধিকার হারা ও নানা বৈষম্যের শিকার। এর থেকে উত্তরণ ঘটাতে হলে আন্দোলন জোরদার করতে হবে।’
বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, রাঙামাটি সচেতন নাগরিক কমিটির সহসভাপতি সুস্মিতা চাকমা। পরে পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
দিবসটি উপলক্ষে জনসংহতি সমিতির (এমএন লারমা) উদ্যোগে গতকাল রাঙামাটির বাঘাইছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাবুপাড়া কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মারিশ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মানবজ্যোতি চাকমা। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, জনসংহতি সমিতির (এমএন লারমা) রাঙামাটি জেলা শাখার সভাপতি অনুপ কুমার চাকমা।
বান্দরবানে শোভাযাত্রা-আলোচনা সভা: সকাল সাড়ে নয়টায় জেলা শহরের রাজার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। পরে ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন কমিটির সভাপতি ক্যহ্লাউ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মহিউদ্দিন মাহিম, পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের সহসভাপতি জুয়ামলিয়ান আমলাই বম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইংচ প্রু মাস্টার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অং চ মং মারমা।
খাগড়াছড়িতে কর্মসূচি বাতিল: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে কয়েকটি বেসরকারি সংস্থার খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের প্রস্তুতি থাকলেও অনিবার্য কারণে তা বাতিল করা হয়েছে। গত সোমবার টিআইবির খাগড়াছড়ির আঞ্চলিক ব্যবস্থাপক মো. তৌহিদুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত রোববার পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মাঈন উদ্দিনের স্বাক্ষরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাগড়াছড়িতে আদিবাসী দিবস পালন প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়। একই বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন অনুমতি না দেওয়ায় কেউ ঘোষিত কর্মসূচি পালন করতে পারেনি।
কক্সবাজারে মানববন্ধন: কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে আদিবাসী ফোরামসহ বিভিন্ন সংগঠন। আদিবাসী ফোরামের কক্সবাজার আঞ্চলিক শাখার সভাপতি উ থোই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মংথেন হ্লা রাখাইন, আদিবাসী ফোরামের টেকনাফ উপজেলা শাখার সভাপতি প্রভা চাকমা। এর আগে শহরের একটি মিলনায়তনে আদিবাসী ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স।