'আন্দোলনের জোয়ারে একুশ একচল্লিশের স্বপ্ন ভেসে যাবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জনগণকে অবরুদ্ধ করে যে প্রক্রিয়ায় ভোট গ্রহণ করা হচ্ছে, তার বিরুদ্ধে একদিন বিস্ফোরণ ঘটবে। আর তার পরিণাম হবে ভয়াবহ। হয়তো সেদিন আর বেশি দূরে নয়, যেদিন জনগণের আন্দোলনের জোয়ারে একুশ-একচল্লিশের স্বপ্ন ভেসে যাবে।
জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
উপজেলা জেএসডি আয়োজিত সমাবেশে আ স ম রব বলেন, পেশিশক্তি ব্যবহার করে জনগণের ভোটাধিকার হরণ করা হচ্ছে, ভোটকেন্দ্র দখল করা হচ্ছে, ভোটারদের হাত থেকে ব্যালট কেড়ে নিয়ে প্রকাশ্যে সিল মারা হচ্ছে। এ দেশের মানুষ এর চরম জবাব দেবে। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ দেখিয়ে দেবে মানুষকে অবরুদ্ধ রেখে সরকার চালানো যায় না, একুশ-একচল্লিশ বাস্তবায়ন করা যায় না। সংকট উত্তরণের জন্য তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানান।
কমলনগর উপজেলা জেএসডির সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি এম এ গোফরান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, বিজ্ঞানবিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, জনসংখ্যাবিষয়ক সম্পাদক শিরিন আক্তার, লক্ষ্মীপুর জেলা সভাপতি মনছুরুল হক, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, নোয়াখালী জেলা সভাপতি এম এ জলিল, রামগতি উপজেলা জেএসডির সভাপতি মো. গিয়াস উদ্দিন।