
হিন্দুসম্প্রদায়কে উদ্দেশ করে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক। তিনি বলেন, বিষয়টি প্রমাণ করতে পারলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। গতকাল রোববার উপজেলা সদরে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের (নাসিরনগর) এই সাংসদ লিখিত বক্তব্যে বলেন, ‘উড়ো খবরের ভিত্তিতে আমার বিরুদ্ধে আমার হিন্দু ভোটারদের খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, যা আমার শত্রুপক্ষই ছড়াচ্ছে।’ নাসিরনগরে মন্দির ও হিন্দুসম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের পরিপ্রেক্ষিতে অভিযোগ ওঠে, ছায়েদুল হক হিন্দুসম্প্রদায়কে উদ্দেশ করে ‘মালাউনের বাচ্চা’ বলে মন্তব্য করেছেন। এরপর তাঁর পদত্যাগের দাবি ওঠে।
সংবাদ সম্মেলনের সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে মন্ত্রী কয়েকবার উত্তেজিত হয়ে ওঠেন। শুরুতেই তিনি রেগে গিয়ে মিলনায়তনে থাকা দলীয় কর্মীদের বের হয়ে যেতে বলেন। মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের মতো সংগঠনও ষড়যন্ত্রে পা দিয়ে আমাকে অভিযুক্ত করছে। ঐক্য পরিষদের নেতা রানা দাশগুপ্ত নিজেই সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন যে শোনা কথার ভিত্তিতেই তিনি এ অভিযোগ করেছেন।’
পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের ব্যর্থতার প্রশ্নে ছায়েদুল হক বলেন, প্রশাসনের কোনো অবহেলা ছিল না। ওসি-ইউএনওর চেষ্টার কোনো ত্রুটি ছিল না। ওসি নিজেও মার খেয়েছেন। এসব ঘটনার পেছনে কারা রয়েছে, জানতে চাইলে তিনি বলেন, বিএনপি-জামায়াতের লোকজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে এসব করছে।
উপজেলা আওয়ামী লীগের মধ্যে বিরোধ আছে কি না, জানতে চাইলে মন্ত্রী না-সূচক জবাব দেন। সাংবাদ সম্মেলন শেষ করে যাওয়ার সময় স্কুলমাঠে জেলা আওয়ামী লীগের সঙ্গে বিরোধ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, গত ইউপি নির্বাচনে উপজেলার হরিপুর ও গুনিয়াউক ইউনিয়নে চেয়ারম্যান পদে টাকা নিয়ে প্রার্থী দেওয়া হয়। তিনি বলেন, ‘রবিউল নিয়েছে ৭৫ লাখ (সদরের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী) এবং মামুন (জেলা আ.লীগের সম্পাদক আল-মামুন সরকার) ৪০ লাখ টাকা খাইছে। বিষয়টি আমি প্রধানমন্ত্রীকেও জানিয়েছি।’