
সমকাল-এর সাংবাদিক আবদুল হাকিম (শিমুল) হত্যার বিচার চান তাঁর স্ত্রী নুরুন্নাহার বেগম। তাঁর দাবি একটাই, তিনি বিচার চান। তিনি চান আর কোনো নারী যেন তাঁর মতো স্বামীহারা না হন, কোনো ছেলেমেয়ে যেন বাবাহারা না হয়। এ দাবি জানিয়ে শনিবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘আপনাদের (গণমাধ্যম) কলম যেন থেমে না থাকে।’
২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন সমকাল-এর শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শনিবার রাতে নুরুন্নাহার বেগমের সঙ্গে মুঠোফোনে কথা হয় প্রথম আলোর। তিনি জানান, তাঁদের এক ছেলে, এক মেয়ে। ছেলে আল নোমান সাদিকী (১১) শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয় ষষ্ঠ শ্রেণিতে পড়ে। মেয়ে তামান্না খাতুন (৭) পড়ে নার্সারিতে। আবদুল হাকিম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁদের আয়ের বিকল্প কোনো উৎস নেই। এখন এক দিন নুরুন্নাহারের ভাই, আরেক দিন দেবর বাজার-সদাই করে দেন। আবদুল হাকিমের নানির দেওয়া ২ শতাংশ জমিতে ঘর বানিয়ে তাঁরা থাকেন।
নুরুন্নাহার বলেন, ‘ছেলে-মেয়ে দুটিই স্কুলে যাচ্ছে। মেয়েটার মাথা ভালো। ওর বাবা ওকে ডাক্তারি পড়াতে চেয়েছিল। মেয়েটা আমার খুব অস্থির হয়ে উঠছে। শুধু বলে, বেড়াতে নিয়ে যাও। আমি এখানে-ওখানে নিয়ে যাই। তবু অস্থিরতা কাটে না।’
নুরুন্নাহার জানান, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ঘোষণা অনুযায়ী তাঁকে সরকারি ওষুধ কোম্পানি এসেনসিয়াল ড্রাগ কোম্পানিতে চাকরি দেওয়া হয়েছে। অফিস বগুড়ায়, সেখানে গিয়ে চাকরি করতে হবে। তাঁর পদের নাম ‘উৎপাদন কর্মী’। তিনি এসএসসি পাস। তিনি চাকরিতে যোগ দেওয়ার পর ছেলেমেয়েকে বগুড়ায় নিয়ে যাবেন। সেখানে তাদের ভর্তি করাতে হবে।
সাংবাদিক আবদুল হাকিম নিহত হওয়ার ঘটনায় তাঁর স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। তাতে আওয়ামী লীগের নেতা ও শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক, তাঁর দুই ভাইসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিনজনসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। পৌর মেয়রসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আপনি কতটা আশাবাদী—এ প্রশ্নের জবাবে নুরুন্নাহার বেগম প্রশ্ন রেখে বলেন, ‘এই মামলার বিচার যদি না হয়, তাহলে কোন মামলার বিচার করবে সরকার? হানড্রেড পার্সেন্ট বিচার করতে হবে। আপনাদের (গণমাধ্যম) কলম যেন থেমে না থাকে।’ তিনি বলেন, ‘আমার দাবি একটাই, বিচার চাই। আমার মতো আর কোনো নারী যেন স্বামীহারা না হয়। আমার ছেলেমেয়ের মতো
আর কোনো ছেলেমেয়ে যেন বাবাহারা না হয়।’