‘ওপর থেকে পুলিশ কমিশনার স্যারের কাছে ফোন এসেছে। আপনাদের জঙ্গি মামলায় ঢোকানো হবে...!’ ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ সফল করতে সিলেটে প্রচারণায় ব্যস্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর ব্যবহূত মুঠোফোনে এ রকম একটি খুদে বার্তা এসেছে। গত বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির নেতৃস্থানীয় নেতাদের ঘরোয়া সভা চলাকালে ইলিয়াসের মুঠোফোনে এ খুদে বার্তাটি আসে।ইলিয়াসসহ বিএনপির আরও কয়েকজন নেতার নাম উল্লেখ করে খুদে বার্তায় গ্রেপ্তারের পরিকল্পনার কথা বলে সতর্ক করা হয়েছে। খুদে বার্তা প্রেরণকারী নিজেকে ‘ছোটখাটো পুলিশের চাকরি করি’ বলে তাঁর নাম-পরিচয় গোপন রেখেছেন।খুদে বার্তা পাওয়ার কথা স্বীকার করে ইলিয়াস প্রথম আলোকে বলেন, ‘এটি এমনও হতে পারে, কেউ ভয় দেখাতে অযথাই করেছে। আবার উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। কেননা, এ পর্যন্ত আমার বিরুদ্ধে হয়রানির যত মামলা বা অভিযোগ হয়েছে, সবই বিরোধীদলীয় আন্দোলন-কর্মসূচি সামনে রেখে। বিষয়টি নিয়ে রাতেই বিএনপির নেতাদের পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে।’ইলিয়াসসহ যে চারজন নেতার নাম খুদে বার্তায় উল্লেখ করা হয়েছে, ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ সফল করতে তাঁরা সাংগঠনিকভাবে সিলেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে বিএনপি সূত্র জানায়। খুদে বার্তাটি নিতান্তই ভয় দেখানো, না সত্যি কোনো পরিকল্পনার কথা আগাম জানানো হয়েছে—এ নিয়ে বিএনপির নেতৃস্থানীয়দের মধ্যে একধরনের শঙ্কা দেখা দিয়েছে। গতকাল শুক্রবার বিকেলে যোগাযোগ করলে ইলিয়াসকে দেওয়া খুদে বার্তার তথ্যগুলো ভিত্তিহীন জানিয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার অমূল্যভূষণ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘এটি কেউ বিভ্রান্তি ছড়াতে করেছে। আজকাল মুঠোফোনে আপত্তিকর কোনো কিছু করলে দ্রুত বের করার প্রযুক্তিগত সুবিধাও রয়েছে। তাঁরা (বিএনপির নেতারা) চাইলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।’