'আপনাদের পজিটিভ ওয়েতে তুলে ধরার চেষ্টা করি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. নাসিম
মো. নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে চিকিত্সকদের উদ্দেশ করে বলেছেন, তিনি চিকিত্সকদের ইতিবাচকভাবে উপস্থাপন করতে চান। সে কারণেই তিনি সংসদে বলেছেন, বাংলাদেশে ছুটির দিনেও বিশেষজ্ঞ চিকিত্সকেরা কাজ করতে বাধ্য হন।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু) ‘সাসটেইনেবল ক্লাব ফুট কেয়ার ইন বাংলাদেশ’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে মো. নাসিম বাংলাদেশের চিকিত্সকদের প্রশংসা করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি সব সময় আপনাদের পজিটিভ ওয়েতে তুলে ধরার চেষ্টা করি। গ্রামে থাকার জন্য যদিও চাপ দিই। সে কারণেই সেদিন সংসদে বলেছিলাম, আমাদের দেশের চিকিত্সকেরা, বিশেষজ্ঞ চিকিত্সকেরা ছুটির দিনেও কাজ করতে বাধ্য হন। বিশ্বের উন্নত দেশেও অনেক সময় ছুটির দিনে বিশেষজ্ঞ চিকিত্সক পাওয়া যায় না।’

উল্লেখ্য, গত রোববার জাতীয় সংসদে ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দুনিয়ার কোথাও ছুটির দিনে চিকিত্সক পাওয়া যায় না। রোগী মারা গেলেও চিকিত্সক আসেন না।’

তাঁর এই বক্তব্য গণমাধ্যমে প্রচারের পরপরই ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গতকাল সোমবার অবশ্য স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, তাঁর বক্তব্য যথাযথভাবে উপস্থাপিত হয়নি।

মুগুর পা বা ক্লাব ফুটের চিকিত্সায় নতুন প্রকল্প: বাংলাদেশ সরকার প্রথমবারের মতো ক্লাব ফুট বা মুগুর পায়ের চিকিত্সায় একটি প্রকল্প হাতে নিয়েছে আজ। ‘সাসটেইনেবল ক্লাব ফুট কেয়ার ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৭ সাল পর্যন্ত ২৫ হাজার শিশু সম্পূর্ণ বিনা মূল্যে চিকিত্সা পাবে। চিকিত্সায় এ রোগে আক্রান্ত শিশু সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।

প্রকল্পটির আওতায় অর্থোপেডিক সার্জনরা প্রশিক্ষণ পাবেন। দেশের ২৩টি মেডিকেল কলেজ ও ২১টি জেলা হাসপাতালে শিশুরা সেবা পাবে। মুগুর পা আছে এমন শিশু খুঁজে বের করে হাসপাতালে চিকিত্সার জন্য আনা ও চিকিত্সার পর শিশুর দেখভালের দায়িত্ব নিচ্ছে ব্র্যাক। এ প্রকল্পে সরকারকে সহযোগিতা করবে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া।

স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় সব জেলা হাসপাতালে চিকিত্সা-সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন পঙ্গু হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা-ব্যবস্থা চালুর ওপর জোর দেন।

আজ এ প্রকল্পটি বাস্তবায়নের উদ্দেশ্যে চুক্তি স্বাক্ষর করেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল-সেবা বিভাগের পরিচালক মো. আবদুল হাননান, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার পক্ষে শফিক পিরানি, ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির প্রধান কাওসার আফসানা এবং বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাধারণ সম্পাদক মো. আবদুল গণি মোল্লা।