‘আপনার কাছে লোক যাবে, চাঁদার টাকা দিয়ে দিবেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্রসফায়ারে নিহত কর্মীদের পরিবারের জন্য অনেক টাকার প্রয়োজন। আপনার কাছে আমাদের লোক যাবে, চাঁদার টাকা দিয়ে দিবেন। অন্যথায় ভয়াবহ পরিণতি হবে।’ নাটোরে গত চার দিনে দুজন সাংবাদিক, এক জ্যেষ্ঠ আইনজীবী ও ব্যবসায়ীকে সর্বহারার নেতা পরিচয়ে এক ব্যক্তি মুঠোফোনে এ ধরনের হুমকি দিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার ০১৯৩৩৫৫৯৬৮৪ নম্বরের ফোন থেকে সর্বহারার নেতা পরিচয়ে এক ব্যক্তি একুশে টেলিভিশন ও সমকাল-এর সাংবাদিক নবিউর রহমানকে ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁকে হত্যা করার হুমকি দেওয়া হয়। গত বুধবার দুপুরে একই মুঠোফোন নম্বর থেকে আরেকটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকের কাছে ফোনে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তাঁকে উঠিয়ে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। একই দিন বিকেলে জেলার জ্যেষ্ঠ আইনজীবী সাখাওয়াত হোসেনকে একই নম্বর থেকে চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়।সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় শহরতলির দিঘাপতিয়া বাজারের ব্যবসায়ী শাজাহান আলীকেও ওই নম্বর থেকে ফোন করে চাঁদা দিতে বলা হয়। তাঁকে সর্বহারা সংগঠনের আটক চারজন সদস্যের পরিবারের দায়িত্ব নিতে চাপ দেওয়া হয়। অন্যথায় তাঁর ছেলেমেয়েদের উঠিয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়।হুমকি প্রসঙ্গে নবিউর রহমান বলেন, সর্বহারার নেতা পরিচয়ে ওই ব্যক্তি তাঁকে বলেছেন, তাঁদের নেতা-কর্মীদের মামলা পরিচালনার জন্য বিপুল অর্থ প্রয়োজন। চাঁদার টাকা দিয়ে এই প্রয়োজন মেটানো হবে। চাঁদা না দিলে তাঁকে হত্যা করা হবে।এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তাঁরা সবাই থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ওই নম্বরটি ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে। সেখান থেকে এ ব্যাপারে তথ্য আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।নাটোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, একটি দুষ্টচক্র এই অপরাধের সঙ্গে জড়িত। তাদের আটকের জন্য কারিগরি সহযোগিতা নেওয়া হচ্ছে।