‘সকাল আনুমানিক ১০টা। হিউম্যান হলারটি (রাইডার) হাটহাজারীর নতুনবাজার পেরিয়ে সবে আমানবাজারের কাছে এসেছে। হঠাৎ প্রচণ্ড আওয়াজ। পরক্ষণেই অনুভব করলাম আমার পিঠের ওপর যেন আগুনের হলকা বয়ে গেছে। দেখলাম, আমাকে মাড়িয়েই হিউম্যান হলারের সব যাত্রী একে একে নেমে পড়লেন। তাঁদের হুড়োহুড়িতে আমি নিচে পড়ে যাই। পরে উঠে গিয়ে একটি দোকানে আশ্রয় নিই। দোকানি বললেন, “আপনার পিঠ থেকে রক্ত ঝরছে”।’
গতকাল মঙ্গলবার জামায়াত-শিবিরের ডাকা হরতালে চট্টগ্রামে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন স্কুলশিক্ষিকা প্রীতি চৌধুরী (৪৫)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এভাবেই তিনি ঘটনার বর্ণনা দিচ্ছিলেন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই প্রধান শিক্ষক জানান, চট্টগ্রাম নগরের বাদুড়তলা বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রীতি চৌধুরীর পুরো পিঠ স্প্লিন্টারে ক্ষতবিক্ষত। কর্তব্যরত চিকিৎসক রানা চৌধুরী জানান, বর্তমানে প্রীতি চৌধুরীর অবস্থা শঙ্কামুক্ত। তবে তাঁর আঘাতের পরিমাণ বেশি।প্রীতি চৌধুরী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, জামায়াত-শিবিরের হরতাল চলাকালে সকাল ১০টার দিকে হাটহাজারীর আমানবাজার এলাকায় একটি হিউম্যান হলার লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে স্কুটার আরোহী এক তরুণ। এতে চালকের পেছনের আসনে বসা প্রীতি চৌধুরীর পিঠে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়। ঘটনার আকস্মিকতায় অন্য যাত্রীরা যে যার মতো হুড়োহুড়ি করে গাড়ি থেকে নেমে যান। চালক রাস্তার পাশে গিয়ে গাড়িটি থামালে প্রীতি চৌধুরী গাড়ি থেকে নেমে একটি দোকানে গিয়ে আশ্রয় নেন। পরে আমানবাজার দরবেশিয়া বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এসে তাঁকে উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
জানতে চাইলে হাটহাজারী সার্কেলের এএসপি আ ফ ম নিজামউদ্দিন প্রথম আলোকে বলেন, ঘটনাটি বায়েজিদ ও হাটহাজারী থানার মধ্যবর্তী স্থানে ঘটেছে। ফলে এ ক্ষেত্রে বায়েজিদ থানা মামলা না নিলে হাটহাজারী থানায় মামলা নেওয়া হবে। প্রীতি চৌধুরীর স্বামী পরিতোষ দাশগুপ্ত স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা। তাঁদের দুই মেয়ের মধ্যে একজন রাঙ্গুনিয়ার একটি বিদ্যালয়ের শিক্ষক। আর ছোট মেয়ে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।