'আপনার ভোট হয়ে গেছে'
চট্টগ্রাম নগরের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে গতকাল মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে ভোট দিতে আসেন মো. মুনিরুজ্জামান নামের এক ভোটার। কিন্তু বুথে গিয়ে জানতে পারলেন তাঁর ভোট দেওয়া হয়ে গেছে।
মুনিরুজ্জামান বলেন, ‘পোলিং কর্মকর্তারা আমাকে বলেন, “আপনার ভোট হয়ে গেছে। আর ভোট দেওয়ার সুযোগ নেই।”’ তিনি ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, ‘ভোট দেওয়ার জন্য ষোলশহরের বাসা থেকে হেঁটে এসেছি। কিন্তু এখন ভোট না দিয়ে চলে যেতে হচ্ছে।’
একই পরিস্থিতির শিকার হয়েছেন নুসরাত জাহান ও লতিফা আক্তার নামের আরও দুই ভোটার।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবুর রহমান খান বলেন, ‘ভোটার আসলে অবশ্যই ব্যালট পেপার দেওয়া হবে। না দেওয়ার তো প্রশ্নই আসে না।’ তিনি বলেন, কেন্দ্রের বাইরে একটু ঝামেলা হয়েছে।
গতকাল বেলা একটার দিকে ওই কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের বাইরে একদল যুবক অবস্থান করছেন। তাঁদের বেশির ভাগেরই বুকে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিনের ‘হাতি’ প্রতীকের পরিচয়পত্র ঝোলানো। কেন্দ্রের প্রবেশ ফটকে তখন অবস্থান করছিলেন র্যাবের সদস্যরা। ভেতরে কিছুসংখ্যক ভোটারের লাইন ছিল।
এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়
দুপুর ১২টা ৪০ মিনিটে ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বুকে হাতি প্রতীকের পরিচয়পত্র ঝোলানো একদল যুবক মিছিল নিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করছেন। পুলিশ বাধা দিলে তাঁরা কেন্দ্রের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দেন।
কালুরঘাট শ্রমকল্যাণ কেন্দ্র
দুপুর ১২টা ২৫ মিনিটে ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের কালুরঘাট শ্রমকল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহবুবুল আলমের প্রতিনিধি আইয়ুব আলী তাঁদের পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। জানতে চাইলে তিনি বলেন, প্রকাশ্যে জাল ভোট দেওয়া হচ্ছে। কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই প্রার্থী এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেছেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আহসানুল হক চৌধুরী বলেন, জাল ভোট দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেননি।
এ ছাড়া গতকাল সকালে ৪ নম্বর চান্দগাঁও ও ৫ নম্বর মোহরা ওয়ার্ডের সাতটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট গ্রহণ শুরুর পর এসব কেন্দ্রে তেমন ভোটারের উপস্থিতি ছিল না। সাড়ে নয়টার পর ভোটারের উপস্থিতি কিছুটা বাড়তে দেখা যায়।