'আপনি আপনার যোগ্যতায় ভিসি-প্রোভিসি হননি'
‘আপনি আপনার যোগ্যতায় ভিসি-প্রোভিসি হননি। আপনি আওয়ামী লীগ করেন বলে ভিসি-প্রোভিসি হয়েছেন। এই কথাটি ভুলে যাবেন না।’
জেলহত্যা দিবস উপলক্ষে আজ বুধবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন এসব কথা বলেন।
এমন বক্তব্য দেওয়ায় আলোচনা সভায় উপস্থিত লোকজন মনে করেন, দলীয় নেতা-কর্মীদের নিয়োগ না দেওয়ায় খায়রুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহানের উদ্দেশে এমন বক্তব্য দিয়েছেন।
খায়রুজ্জামান বলেন, ‘যাঁদের পিঠে পা দিয়ে সিঁড়ি বানিয়ে আজকে ভিসি-প্রোভিসি হয়েছেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে সেটার প্রতিদান দেন। তা না হলে যখন সবকিছু হারিয়ে যাবে, রাস্তা দিয়ে চলাও কিন্তু খুব কঠিন হয়ে যাবে। রাস্তা দিয়ে কীভাবে যাবেন? মানুষের ধিক্কার, মানুষের চিৎকার সহ্য করতে হবে মৃত্যু পর্যন্ত।’
খায়রুজ্জামান বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মী, পার্শ্ববর্তী ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সজাগ আছে বলেই খুনির দল (বিএনপি-জামায়াত) কিছু করতে পারছে না। প্রশাসন আছেন খুব আরামে।’
রাজশাহী আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘প্রশাসন বলতে যে দুজনকে বোঝায়, তাঁরা আমাদেরই খুব কাছের মানুষ। আমার তো ভীষণ কাছের মানুষ। কিন্তু কাছের মানুষে থেকে লাভ কী? কাছের মানুষ যদি দলের নেতা-কর্মীর মূল্যায়ন না করেন, সেই কাছের মানুষ থেকে কোনো লাভ নেই। আমার বন্ধুর মতো একজন। কথা দিয়েছিলেন তিনি, “আমি একবার শুধু হই, লিটন ভাই, আমি আপনার লিস্ট ধরে ধরে চাকরি দেব।” আমরা লিস্ট দিয়েছিলাম প্রায় বছর দেড়-দুয়েক আগে। সেই লিস্ট কোথায় গেল, আমি জানি না। তাঁদের বাড়িতে ডিম পাড়ছে কি না, ডিমে তা দিচ্ছে কি না, জানি না।’
খায়রুজ্জামান বলেন, ‘আমার কথাগুলো বলতে খারাপ লাগছে। কারণ এই প্রশাসন আমারই প্রশাসন, আমাদেরই প্রশাসন, বঙ্গবন্ধুর আদর্শের দীক্ষিতÿপ্রশাসন। তাঁদের সেভাবেই কাজ করা উচিত ছিল, চলা উচিত ছিল। বিএনপি চারদলীয় জোট যদি একবারেই ৫৪৪ জনকে নিয়োগ দিতে পারে কোনো কিছুর চিন্তা তোয়াক্কা না করে, আপনারা কি ১৪৪ জনকেও দিতে পারেন না? এতই আপনারা স্বচ্ছ হয়ে গেলেন? এত ট্রান্সপারেন্ট হয়ে গেলেন?’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানউদ্দিন প্রথম আলোকে বলেন, জেলহত্যা দিবস নিয়ে আলোচনা সভায় এ বক্তব্য সামঞ্জস্যপূর্ণ কি না, তা আপনারা দেখবেন।