‘আপনি কি প্রধানমন্ত্রী’
সংসদে নিজের মুঠোফোন নম্বর ও ই-মেইল ঠিকানা প্রকাশ করার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক সাড়া পাচ্ছেন। সারা দেশ থেকে লোকজন তাঁকে ফোন করছেন। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে।গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সংসদ থেকে গণভবনে ফিরে আসার পর বেলা পাঁচটার দিকে একটি ফোন পান। অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আপনি কি প্রধানমন্ত্রী?’ প্রধানমন্ত্রী হ্যাঁ বলার পর অপর প্রান্ত থেকে সংযোগটি কেটে দেওয়া হয়। এরপর শেখ হাসিনা ওই নম্বরে ফোন দেন। তবে অপর প্রান্তের লোকটি বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি দেশের সরকারপ্রধানের সঙ্গে কথা বলছেন। তিনি এতটাই ঘাবড়ে যান যে আবার ফোন কেটে দেন।এর আগে গত বুধবার প্রধানমন্ত্রী সংসদে তাঁর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে একটি সম্পূরক প্রশ্নের জবাব দেন। তখন তিনি দেশের মানুষের জন্য তাঁর দুটি ফোন নম্বর এবং ই-মেইল ঠিকানা প্রকাশ করেন। তিনি অন্যায্য সুবিধা নেওয়ার চেষ্টাকারী এবং তাঁর পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে কমিশন গ্রহণকারীদের বিষয়ে তাঁকে অবগত করতে সবার প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রীর মুঠোফোন নম্বর দুটি হচ্ছে: ০১৭১১৫২০০০০ এবং ০১৮১৯২৬০৩৭১। আর ই-মেইল ঠিকানা হচ্ছে: [email protected]।প্রধানমন্ত্রী ওই দিন সংসদকে বলেন, ‘আমি জনগণ, সব সাংসদ, মন্ত্রী ও সরকারি কর্মকর্তাকে একটা জিনিস বলতে চাই: আমি, আমার ছোট বোন এবং আমাদের পাঁচ সন্তান আমার পরিবারের সদস্যভুক্ত।’ শেখ হাসিনা বলেন, ‘আমার পরিবারের কোনো সদস্য কমিশন নেয় না। যদি কেউ আমার পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে অন্যায্য সুবিধা নেয়, তবে আমার অনুরোধ আপনারা সবাই তাৎক্ষণিকভাবে আমার মুঠোফোনে হয় একটা ফোন দেবেন, না হয় একটা খুদে বার্তা পাঠিয়ে দেবেন।’প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক বলেন, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাত ১১টা এবং গতকাল শুক্রবার জুমার নামাজের পর অনেকের সঙ্গে কথা বলেন। তাঁদের অধিকাংশই পদ্মা সেতু নিয়ে দৃঢ় অবস্থানের জন্য তাঁকে অভিনন্দন জানান। কেউ কেউ শবে বরাতে তাঁর জন্য দোয়া করেছেন বলে জানান।