‘আপনেরা কইছুন ভোট দিলাম’
হাওরের ‘আফাল’ (ঢেউ) আতঙ্ক কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের শতবর্ষী আবদুল মোতালেবকে ঘরে রাখতে পারেনি। ছোট নৌকায় করে প্রথমে বড়িবাড়ি ট্রলারঘাট, পরে লাঠিতে ভর করে ভোটকেন্দ্রে আসেন তিনি। সকাল নয়টার মধ্যে বড়িবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর চোখে-মুখে তৃপ্তির ছাপ। এত কষ্ট করে ভোট দিতে এলেন? এ প্রশ্নে আবদুল মোতালেব বলেন, ‘আপনারা কইছুন, ভোট দিলাম।’ দুই প্রার্থীই গেছেন তাঁর কাছে ভোট চাইতে। প্রচারণা তাঁর ঘরও স্পর্শ করেছে। হাওরের তিন উপজেলা ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইনের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেল, তরুণ, মধ্যবয়সীর পাশাপাশি বয়োবৃদ্ধদের সরব উপস্থিতি। অষ্টগ্রাম সদরের বর্ধমানপাড়ার আসমা খাতুন (৭৫) ভোট দিয়েছেন পূর্ব অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে। দুপুর ১২টার দিকে ভোট দিয়ে তিনি জানান, ভোটকে তিনি দেখেন নাগরিক দায়িত্ব আর নেতৃত্ব প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে। নাতির গায়ে নিজের ভারসাম্য রেখে একই উপজেলার আদমপুর ইউনিয়নের চৌদন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোট দেন রাধামোহন দাস। বয়স তাঁর ৯০ বছর ছুঁই ছুঁই। বাড়ি চৌদন্ত গ্রামে। এ নিয়ে কতবার ভোট দিলেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘কেডা রাহে কার হিসাব। কত আর অইব। সব মিলাইয়া ২০-৫০ বারের কম কী আর সিল মারছি।’ ইটনা সদরের শরিকহাটি গ্রামের জুবেদ আলী মুন্সি (৮৫) ভোট দিয়েছেন মহেশচন্দ্র শিক্ষা নিকেতনকেন্দ্রে। জুবেদ আলী বলেন, ‘আগে হইত, অহন হয় না।’ আলাপে জানা গেল, একসময় হাওরে ছোটখাটো কারণে উৎসব হতো। এখন আর তেমন হয় না। নির্বাচন হাওরবাসী উৎসবের মতোই উপভোগ করেন। বয়োবৃদ্ধ ব্যক্তিরা তাতে অংশ নেন। সবার উপস্থিতিতে উৎসব ভিন্নমাত্রা পায়।