‘সবাই হুদা নাম লিখ্যা নিয়া যায়, কেউ আর কম্বল দিতে আয়ে না। আমার বাচ্চাডা অইছে গত দুই দিন (বৃহস্পতিবার) আগে। কতজনের কাছে কাপড় চাইলাম। কেউ দিল না। আপনেরার কম্বলডা আমার বাচ্চাডারে শীত থেইক্যা বাঁচাইব।’ গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সংগ্রহের কম্বল পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মে অস্থায়ীভাবে বসবাসরত রোজিনা বেগম। ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর ও রেলস্টেশন এলাকায় গতকাল বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার উদ্যোগে ৩০২ জন দুস্থ মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়। বন্ধুসভার বন্ধুরা নিজের ঘর ও প্রত্যেকের এলাকার বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র সংগ্রহ করেন। ব্রাহ্মণবাড়িয়ায় শীতের তীব্রতার কথা শুনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার কাছে ছয় বাক্স শীতবস্ত্র পাঠান। সংগ্রহ করা শীতবস্ত্রের মধ্যে ছিল জ্যাকেট, সোয়েটার, চাদর ইত্যাদি। কিন্তু কম্বল ছিল মাত্র একটি, যা গত বৃহস্পতিবারে সন্তান প্রসূতি রোজিনাকে দেওয়া হয়েছে। শীতবস্ত্র বিতরণের সময় বন্ধুসভার উপদেষ্টা স্বপন দেবনাথ, সভাপতি শাহীন মৃধা, সাধারণ সম্পাদক মসুকুর রহমান, প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেনসহ বন্ধুরা উপস্থিত ছিলেন।