প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, হরতাল-অবরোধের নামে পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে ২০-দলীয় জোট রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। নাশকতাকারী এই জোটের সঙ্গে কোনো রকম আপস করবে না সরকার। গতকাল রোববার রাজশাহীর বিসিক এলাকায় নিলয়-ওসমান মোটর ইন্ডাস্ট্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিএনপি জোটের এই আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে নয়, কোনো নেত্রীর বিরুদ্ধে নয়, এটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে। তাই রাষ্ট্রের বিরুদ্ধে যারা নাশকতা চালায়, তাদের সঙ্গে কোনো রকম আপস করা যায় না। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও নগর সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন।