'আফ্রিকার উন্নয়ন সহযোগী হতে প্রস্তুত বাংলাদেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

উন্নয়নে অংশীদারত্বের জন্য কেবল পশ্চিমামুখী না হয়ে এশিয়ার দিকে নজর দিতে আফ্রিকার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথ্যপ্রবাহ, গণমাধ্যম এবং তথ্য ও যোগযোগ প্রযুক্তিতে যে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ, তাতে দেশটি এখন আফ্রিকার উন্নয়ন সহযোগী হতে প্রস্তুত।’
মরক্কোর মারাকাশে স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় তিন দিনব্যাপী আফ্রিকান মিডিয়া ফোরামের সমাপ্তি অধিবেশনে বক্তব্য দেন তথ্যমন্ত্রী।
মন্ত্রীর সফরসঙ্গী তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এস এম হারুন-অর-রশীদ টেলিফোনে এসব তথ্য জানিয়েছেন বলে তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, হাসানুল হক ইনু অধিবেশনে আরও বলেন, উন্নয়নের জন্য এশিয়া ও আফ্রিকার সংগ্রামের মধ্যে মিল রয়েছে। মহাদেশ দুটির নিজ দেশগুলোর মধ্যে ঐক্য এবং আন্তমহাদেশীয় সম্পর্কোন্নয়ন বিশ্বের এ দুটি বৃহৎ অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করবে।
ইসলামি দেশগুলোর সংস্থার (ওআইসি) আয়োজনে গত ১৭ ডিসেম্বর থেকে তিন দিনের ওই আফ্রিকান মিডিয়া ফোরামের সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করেন মরক্কো সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী মুস্তফা আল খালফি।
তথ্যমন্ত্রীর অপর সফরসঙ্গী তাঁর একান্ত সচিব মোল্লা মাহমুদ হাসানও বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন। ২৩ ডিসেম্বর তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।