‘আবদুর রাজ্জাকের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা’
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, আবদুর রাজ্জাকের স্বপ্ন ছিল বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তোলা, বাংলার মাটিতে যুদ্ধাপরাধের বিচার দেখা। তাঁর স্বপ্ন বাস্তবায়নে দেশের মানুষ কাজ করে যাবে।গতকাল শনিবার শরীয়তপুরে আবদুর রাজ্জাকের আত্মার শান্তি কামনায় আয়োজিত শোকসভায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন। বিকেলে স্থানীয় শিল্পকলা মাঠে এ শোকসভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে শরীয়তপুরে সাত দিনের শোক কর্মসূচি শেষ হলো। শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুুুুুন্সীর সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী। আবদুর রাজ্জাকের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করে সভায় বক্তব্য দেন শরীয়তপুর-১ আসনের সাংসদ বি এম মোজাম্মেল হক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল ফজল মাস্টার, আবদুর রাজ্জাকের বড় ছেলে নাহিম রাজ্জাক প্রমুখ। সাংসদ বি এম মোজাম্মেল হক বলেন, আবদুর রাজ্জাক মন্ত্রী হওয়ার পর শরীয়তপুরে অনেক উন্নয়ন করেছিলেন। পরে আবদুর রাজ্জাকের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।