'আবদুল করিম সাহিত্যবিশারদই প্রথম বলেন বাংলা বাঙালির জাতীয় ভাষা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল করিম সাহিত্যবিশারদের ১৪৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার একক বক্তৃতার আয়োজন করে বাংলা একাডেমি। একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে ওই আয়োজনে সভাপতি হিসেবে বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। ছবি: আবদুস সালাম
আবদুল করিম সাহিত্যবিশারদের ১৪৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার একক বক্তৃতার আয়োজন করে বাংলা একাডেমি। একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে ওই আয়োজনে সভাপতি হিসেবে বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। ছবি: আবদুস সালাম

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, আবদুল করিম সাহিত্যবিশারদই প্রথম বলেছিলেন বাংলা বাঙালির জাতীয় ভাষা। তিনি ছিলেন অত্যন্ত সরল প্রকৃতির। মধ্যযুগের বাংলা সাহিত্যে তাঁর অবদান ছিল অসামান্য।

রাজধানীতে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে সোমবার বিকেলে এক একক বক্তৃতা অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান এ কথা বলেন। বাংলা একাডেমি আবদুল করিম সাহিত্যবিশারদের ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই বক্তৃতার আয়োজন করে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আবদুল করিম সাহিত্যবিশারদের যে অবদান পুঁথি সংগ্রহে, সম্পাদনে এবং আমাদের সাহিত্য সমৃদ্ধকরণে, তা গুরুত্বপূর্ণ। তাঁর অসাম্প্রদায়িকতার পরিচয় পাওয়া যায় পুঁথি সংগ্রহে ও সম্পাদনায়। বাংলায় লেখা আঞ্চলিক ইতিহাসের মধ্যে তাঁর গ্রন্থ “ইসলামাবাদ” প্রথম। ১৯১৮ সালে এক প্রবন্ধে তিনি বলেন যে বাংলা বাঙালির জাতীয় ভাষা। পুঁথি সংগ্রহ করতে গিয়ে তিনি চাকরি হারান। তারপরও তিনি দমে যাননি।’

অনুষ্ঠানে সূচনা বক্তব্যে বাংলা একাডেমির সচিব মো. আনোয়ার হোসেন বলেন, মধ্যযুগের বাংলা সাহিত্যের পুঁথি সংগ্রহ করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সহজ-সরল ছিলেন, যা অনুকরণীয়।

অনুষ্ঠানে ‘আবদুল করিম সাহিত্যবিশারদ: বরেণ্য বাঙালি মনীষা’ শীর্ষক একক বক্তৃতা দেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক মাহাবুবুল হক। লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, আবদুল করিম সাহিত্যবিশারদ ছিলেন উদার, অসাম্প্রদায়িক, মানবতাবাদী ও প্রগতিশীল, চিন্তাচেতনার অধিকারী। বাংলা ভাষা, সাহিত্য, বাঙালি জাতি ও সংস্কৃতির প্রতি তাঁর ছিল অসামান্য অনুরাগ। ব্যক্তিগত উদ্যোগে ও নিরন্তর চেষ্টায় জীবনের ৫০টি বছর ব্যয় করে তিনি লুপ্তপ্রায় দুই হাজার পুঁথির এক সংগ্রহশালা গড়ে তুলেছিলেন।

মাহাবুবুল হক বলেন, ‘আবদুল করিমের সংগৃহীত বহু পুঁথি থেকে এ কথা প্রমাণিত হয়েছে যে মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলমানদের অবদানও কম নয়। দেশ বিভাগের আগে বাঙালি মুসলমানের রাষ্ট্রভাষা কী হবে—এ নিয়ে যে বিতর্ক চলছিল, তখন তিনি প্রবন্ধে লিখেছিলেন, “বাঙ্গালা ভাষা ভিন্ন অন্য কোন ভাষা বাঙ্গালী মুসলমানের মাতৃভাষা ও জাতীয় ভাষা হইতে পারে না।” সাম্প্রদায়িকতার আড়ালে সাহিত্যকে কেবল ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখার যে আচ্ছন্নতা তৈরি হয়েছিল, সে ব্যাপারেও তিনি সতর্ক ছিলেন।’

আবদুল করিম সাহিত্যবিশারদের জন্ম ১৮৭১ সালের ১১ অক্টোবর চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সুচক্রচণ্ডী গ্রামে। সে সময় কক্সবাজারসহ সমগ্র দক্ষিণ চট্টগ্রামে তিনিই ছিলেন প্রথম মুসলমান, যিনি এন্ট্রান্স পাস করে সাড়া জাগিয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত বাংলা সাহিত্যে পুঁথি গবেষণায় ও সাহিত্যসাধনায় তিনি যুক্ত ছিলেন। সাহিত্য-কৃতির স্বীকৃতি হিসেবে তিনি ‘সাহিত্যবিশারদ’ উপাধিতে ভূষিত হন। ১৯৫৩ সালের ৩০ সেপ্টেম্বর তিনি চট্টগ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।