‘আবার আইমু ট্যাকা না পাইলে তরে...’
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের একটি বাড়িতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। এ নিয়ে গত তিন বছরে ওই বাড়িতে চারবার ডাকাতির ঘটনা ঘটল।ডাকাতেরা গ্রিলের তালা ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ এক লাখ ১৮ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার, পাঁচটি মুঠোফোন, জমির দলিলপত্র ও বিভিন্ন মালামাল নিয়ে যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের প্রয়াত স্বাস্থ্য পরিদর্শক আবদুর রহমানের বাড়িতে ওই রাতে একদল ডাকাত প্রবেশ করে তাঁর ছেলে বাদশা মিয়ার চোখ, হাত-পা বেঁধে টাকা ও মালামাল লুট করে।বাদশা মিয়া প্রথম আলোকে জানান, তাঁর প্রয়াত বাবার চেহলাম অনুষ্ঠান করার জন্য এক লাখ ১৮ হাজার টাকা ঘরে রেখেছিলেন। টাকাগুলো ডাকাতেরা নিয়ে গেছে। এ সময় ডাকাতেরা হুমকি দিয়ে বলে, ‘আবার আইমু, ঘরে ট্যাকা রাখিস, ট্যাকা না পাইলে তরে জবাই করমু।’ এ নিয়ে গত তিন বছরে তাঁদের বাড়িতে চারবার ডাকাতির ঘটনা ঘটল বলে জানান তিনি।মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলে এসেছি। তদন্ত চলছে। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’