'আবার আমরা ক্ষমতায় আসতে পারব'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, ‘আমার বিশ্বাস, আবার আমরা ক্ষমতায় আসতে পারব।’
গতকাল শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিটি ও পৌরসভার মেয়রদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়ার পরদিন এ আশাবাদ ব্যক্ত করলেন শেখ হাসিনা। মতবিনিময় অনুষ্ঠানে সারা দেশ থেকে আওয়ামী লীগ-সমর্থিত ৩৪৮ জন উপজেলা চেয়ারম্যান, ৬৮০ জন ভাইস চেয়ারম্যান, ১৭৯ জন পৌর মেয়র এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকারের প্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘মহান কাজের জন্য মহান ত্যাগ প্রয়োজন। আমরা কে কী হলাম, সেটা বড় কথা না। মানুষের কল্যাণে কী করতে পারলাম, সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত।’
সংবিধান সংশোধন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘সব রাজনৈতিক দলের মতামত নিয়েই আমরা সংবিধান সংশোধন করেছি। এর পরও যাঁরা বলেন তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করা হয়েছে, তাঁরা হয় জেনে বলেন না অথবা জেনেশুনে সত্য বিকৃত করছেন।’ তিনি বলেন, পৃথিবীর যেসব দেশ উন্নতি করেছে, সেসব দেশে স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকার কারণেই উন্নতি সম্ভব হয়েছে। পরাজিত শক্তি ক্ষমতায় এলে একটা দেশে কখনোই উন্নয়ন হয় না। এটাই বাস্তবতা।
ক্ষমতা বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামীতে ক্ষমতায় এলে প্রতিটি জেলায় কী ধরনের উন্নয়ন প্রয়োজন, তার খোঁজ নিয়ে জেলাভিত্তিক বাজেট বরাদ্দ দেওয়া হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে। কেন্দ্রের কাজ থাকবে শুধু পরিকল্পনা, বাজেট বরাদ্দ দেওয়া এবং উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি করা। বিভিন্ন খাতে উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, প্রতিটি জেলায় একটি করে সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হচ্ছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মধ্য দিয়ে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় সরকারের প্রতিনিধিদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনতে চেয়ে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, তাঁদের মতামত নির্বাচনী ইশতেহারে সংযুক্ত করা হবে।
মতবিনিময় অনুষ্ঠানে সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, এইচ টি ইমাম, রহমত আলী, মাহবুব উল আলম হানিফ উপস্থিত ছিলেন। শোক প্রস্তাব পাঠ করেন জাহাঙ্গীর কবির নানক।