'আবার এসো পদ্মজলে প্রিয় প্রাঙ্গণে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আবার এসো পদ্মজলে প্রিয় প্রাঙ্গণে’—শিরোনামে রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দ আর হইহুল্লোড়ে। ছিল স্মৃতিচারণা, আড্ডা আর গানের মূর্ছনা।
নানা আয়োজনে গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ছয় ব্যাচের ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রতিটি ব্যাচের ছাত্রীরা আলাদা শাড়ি পরেছিলেন।
সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সরকারি বালিকা বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমীন। পরে পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও নারী সাংসদ সাহানারা বেগম। ওড়ানো হয় বেলুন ও পায়রা।
এরপর বিদ্যালয় মিলনায়তনে শুরু হয় অনুষ্ঠান। ‘আমাদের প্রিয় প্রাঙ্গণ, সবুজ আলোয় প্রিয় অঙ্গন, বকুলতলার কথামালায়, আমরা খেলেছি হেসেছি’—ছাত্রীদের লেখা গানটি উদ্বোধনী সংগীত হিসেবে পরিবেশিত হয়।
উদ্বোধনী সংগীতের পর বিদ্যালয়ের সাবেক, বর্তমানসহ সাতজন প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এই সাতজন শিক্ষক হলেন সৈয়দা সওদা খাতুন, হালিদা চৌধুরী, সাহানারা বেগম, উম্মে হাবিবা জাকিয়া হক, রায়হান আরা বেগম, ইসমাইল হোসেন ও ফরিদা ইয়াসমীন। এরপর বিকেল চারটা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণা।
স্মৃতিচারণা করতে গিয়ে ’৭৩ সালের ছাত্রী ও রংপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মোশফেকা রাজ্জাক বলেন, ‘কত দিন পর আমরা বন্ধুরা একসঙ্গে মিলিত হলাম। এর কী যে আনন্দ!’ ’৭২ সালের ছাত্রী ও অগ্রণী ব্যাংক রংপুর শাখার কর্মকর্তা ফরিদা ইয়াসমীন বলেন, ‘দেখতে দেখতে কতটা বছর কেটে গেল। একসঙ্গে এত বন্ধু এক হয়ে পুরোনো কত স্মৃতিই না মনে পড়ছে।’ ’৭৫ সালে এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন রংপুরের বিশিষ্ট গাইনি চিকিৎসক ইয়াসমীন আরা হক। তিনি বলেন, ‘আমাদের বয়স বাড়লেও বিদ্যালয়ের সেই সবুজঘেরা প্রাঙ্গণ এখনো আগের মতোই বহমান।’