
বিচিত্র মানুষের বিপুল সমারোহ ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, যেমন বৈচিত্র্যময় ছিল তাঁর সৃজনসম্ভার। রাষ্ট্রপ্রধান থেকে অজ্ঞাতকুলশীল আমজনতা। কবি, ঔপন্যাসিক, নাট্যকার, চলচ্চিত্রকার, সংগীতজ্ঞ, চিত্রকর, শিক্ষাবিদ, অভিনয়শিল্পী, সমাজকর্মী, রাজনীতিক—কে নেই সেখানে? সৈয়দ শামসুল হককে অন্তিম শ্রদ্ধা নিবেদন করলেন তাঁর এই গুণমুগ্ধরা।
শেষে কবির ইচ্ছা অনুযায়ী মরদেহ নিয়ে যাওয়া হয় কুড়িগ্রামে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে জানাজা শেষে কুড়িগ্রাম সরকারি কলেজের প্রধান ফটকের দক্ষিণ দিকে সবুজ ধানখেতের পাশে কবিকে সমাহিত করা হয়।
দৃশ্যপট শহীদ মিনার: খানিক আগেই একটু বৃষ্টি হয়েছিল। শহীদ মিনারের বেদি, প্রাঙ্গণ, ঘাস ভিজে আছে। মাঝে মাঝে হালকা হাওয়ার ঝাপটায় গাছের পাতায় আটকে থাকা পানির ফোঁটা ঝরছিল অশ্রুবিন্দুর মতো। কালো কাপড়ের আচ্ছাদনের মঞ্চ। সামনে ফুলের স্তবক ও গুচ্ছ নিয়ে ওই হরেক শ্রেণি-পেশার মানুষের লম্বা সারি। শুরু হয়েছিল বেলা ১১টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুষ্পস্তবক অর্পণ করে সমকালীন বাংলা ভাষার বহুমাত্রিক প্রতিভা সৈয়দ শামসুল হকের প্রতি সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন পর্বের সূচনা করেন। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে দেশের এই কৃতী সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি সৈয়দ হকের স্ত্রী আনোয়ারা সৈয়দ হক, ছেলে দ্বিতীয় সৈয়দ হক ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, একান্ত সচিব সাজ্জাদুল হাসান, বিশেষ সহকারী মাহবুবুল হক।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় এই শ্রদ্ধা নিবেদন পর্বে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন। এসেছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এবং ঊর্ধ্বতন পুলিশ কর্তারাও এসেছিলেন শ্রদ্ধা জানাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবিতা পরিষদ, ছায়ানট, জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সৈয়দ শামসুল হক সম্পর্কে সবাই ঘুরেফিরে যে কথাটি বলেছেন তা হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের পরে তিনিই বাংলা ভাষায় সাহিত্যের এত বিচিত্র বিষয়ে এত উচ্চস্তরের কাজ করেছেন। কবিতা, কাব্যনাটক, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, সংগীত, চলচ্চিত্রের চিত্রনাট্য, শিশুতোষ রচনা, অনুবাদ—সব ক্ষেত্রেই সোনা ফলিয়ে গেছেন তিনি। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলনে, সার্বক্ষণিক সাহিত্যিক ছিলেন। উদ্ভাবন করেছিলেন নিজস্ব ভাষারীতি। নিজের কাজকে উন্নত থেকে উন্নততর করে তোলার চেষ্টা করেছেন অবিরত। অধ্যাপক আহমদ কবীর বললেন, বহুমাত্রিক রচনার জন্য বাংলা ভাষার সাহিত্যিকদের মধ্যে তিনি উচ্চ আসনে থাকবেন।
শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিবারের পক্ষে সৈয়দ হকের ছেলে দ্বিতীয় সৈয়দ হক বলেন, এই বেদনাঘন সময়ে তাঁর পক্ষে বিশেষ কিছু বলা সম্ভব নয়। তিনি শ্রদ্ধা জানাতে আসা সবার প্রতি কৃতজ্ঞতা জানান। জোটের পক্ষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের পরে সৈয়দ শামসুল হকের মতো আর কেউ এত বিচিত্র বিষয় নিয়ে কাজ করেছেন তা আমাদের জানা নেই। বাংলা ভাষা ও সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন। বাংলা সাহিত্য যত দিন থাকবে, তাঁর কাজের ভেতর দিয়ে তিনি তত দিন জীবিত থাকবেন।’ জোটের এই আয়োজনের সঞ্চালনা করেন সভাপতি গোলাম কুদ্দুছ।

চ্যানেল আইতে জানাজা : এর আগে সকাল ১০টায় ইউনাইটেড হাসপাতালের হিমঘর থেকে সৈয়দ শামসুল হকের মরদেহ তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে আনা হয়। সেখানে নায়করাজ রাজ্জাক এবং ফরিদুর রোজা সাগর, শাইখ সিরাজসহ চ্যানেল আই পরিবার শ্রদ্ধা নিবেদন করে। এখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
বাংলা একাডেমিতে শ্রদ্ধা: চ্যানেল আই থেকে মরদেহ আনা হয় বাংলা একাডেমিতে। একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের নেতৃত্বে একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এখানে জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এরপর দাফনের জন্য সরকারি ব্যবস্থাপনায় হেলিকপ্টারে করে লাশ নিয়ে যাওয়া হয় কুড়িগ্রামে।
নাগরিক সম্মরণসভা: আগামী ১ অক্টোবর শনিবার বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ শামসুল হকের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে বলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
কুড়িগ্রামে অন্তিম শয়ান: আমাদের নিজস্ব প্রতিবেদক, রংপুর ও কুড়িগ্রাম অফিস জানায়, সকাল থেকেই মানুষের ঢল নেমেছিল কুড়িগ্রাম সরকারি কলেজের মাঠে। গতকাল সকাল থেকে পুরো কুড়িগ্রাম শহরেই ছিল মাইকযোগে ব্যাপক প্রচার। কবিকে বিদায় জানাতে কুড়িগ্রাম ছাড়াও আশপাশের জেলা রংপুর, লালমনিরহাট, নীলফামারীসহ দূর-দূরান্ত থেকে সাংস্কৃতিক কর্মীরা ছুটে এসেছিলেন। অবশেষে হাজারো মানুষের শেষ শ্রদ্ধায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের দাফন জন্মস্থান কুড়িগ্রামে সম্পন্ন হয়েছে।
এর আগে বেলা ৩টা ৫৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কবির মরদেহ কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে কবির মরদেহ যৌথভাবে গ্রহণ করেন জেলা পরিষদের প্রশাসক জাফর আলী, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন প্রমুখ। এ সময় কবির স্ত্রী আনোয়ারা সৈয়দ হক, ছেলে দ্বিতীয় সৈয়দ হক, পুত্রবধূ, কবির ছোট ভাই সৈয়দ আজিজুল হক, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ অনেকেই উপস্থিত ছিলেন।
হেলিকপ্টার থেকে কবির মরদেহ নামিয়ে কলেজ প্রাঙ্গণে রাখা হয়। সেখানে সকাল থেকে অপেক্ষায় থাকা কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারীসহ আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ কবির মরদেহে শেষ শ্রদ্ধা জানান।
কুড়িগ্রাম সরকারি কলেজের মাঠে কবির জানাজার আগে কবির ছেলে দ্বিতীয় সৈয়দ হক কুড়িগ্রামবাসীর উদ্দেশে বলেন, ‘রাষ্ট্র আমার বাবার জন্য যা করেছে, সে জন্য আমাদের পরিবার প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। বাবার ইচ্ছা অনুযায়ী বাবাকে আমরা কুড়িগ্রামে নিয়ে এসে দাফন করলাম।’
কবি নিজেই তাঁর পরানের গহীন ভিতর-এ লিখে গেছেন, ‘আবার তোমার কোলে ফিরা যায় তোমার সন্তান,/ আবার তোমার কোল, খালি কোল, উথলায়া পড়ে/ দুধের ঘেরানে ভরা, জননী গো, পুন্নিমার চান-/ আবার সে ঘরে ফিরা আইসাছে সারাদিন পরে।/ আবার সে আইসাছে করালের ঘুম চক্ষে নিয়া,/ চক্ষের ভিতরে তার গেরেপ্তার বিহানের সোনা,/ তবনের নীল খোপে শিমুলের লাল রং নিয়া,/ আবার সে আইসাছে, জননী গো, তুমি কাইন্দো না।’