‘আবার বৃষ্টি, আবার জলাবদ্ধতা’
সিলেটে টানা বৃষ্টিতে নগরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে। অনেক এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কয়েক শ দোকান ও বাসাবাড়িতে পানি ঢুকে গেছে। ফলে এলাকাবাসীকে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত টানা বৃষ্টিতে নগরের মীরাবাজার, যতরপুর, সোবহানীঘাট, উপশহর, শিবগঞ্জ, রায়নগর, আগপাড়া, সোনারপাড়া, সেনপাড়া, লামাপাড়া, শাপলাবাগ, চৌকিদীঘি, পশ্চিম পিরমহল্লা, ঝালোপাড়া, বিলপাড়াসহ অর্ধশতাধিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মীরাবাজার এলাকার ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, ‘বৃষ্টি হলে প্রায়ই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে ব্যবসা-বাণিজ্যের মারাত্মক ক্ষতি হয়। এ নিয়ে দু-এক দিন পত্রপত্রিকায় লেখালেখি হয়। এরপর সব চুপচাপ। আবার বৃষ্টি, আবার জলাবদ্ধতা।’যতরপুর এলাকার গৃহিণী সামিয়া বেগম বলেন, ‘টানা বৃষ্টির কারণে বাসায় পানি ওঠায় চুলা ডুবে গেছে। তাই সকাল থেকে কোনো রান্নার কাজ করতে পারিনি। ফলে বাধ্য হয়েই বাইরে থেকে খাবার কিনে এনে খেতে হচ্ছে। এ অবস্থায় আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ নিয়ে এবারের বর্ষা মৌসুমেই ছয়বারের মতো জলাবদ্ধতার সৃষ্টি হলো।’ নগরবাসীর অভিযোগ, কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিভিন্ন নালা-নর্দমা ভরাট হয়ে যাওয়ার পাশাপাশি নগরে প্রবাহিত নয়টি ছোট-বড় ছড়া এবং খালগুলো বেদখল হয়ে যাওয়ায় পয়োনিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ১০ জুলাই সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ২০১২-১৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন। সে সময় জলাবদ্ধতার কারণে নগরবাসীর ভোগান্তির বিষয়টি উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘নগরে নতুন নতুন স্থাপনা গড়ে উঠেছে। নালা-নর্দমার পুরোপুরি সঠিক ব্যবহার হচ্ছে না। সিলেট বৃষ্টিবহুল অঞ্চল হওয়ায় আমরা সমস্যাটির সমাধানে গুরুত্ব দিয়ে আসছি। ইতিমধ্যে অনেক ছড়া ও নালা সংস্কার করা হয়েছে।’ সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা জলাবদ্ধতা দূর করতে কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে নালা-নর্দমা সংস্কারের পাশাপাশি ছড়া ও খালগুলো খনন করে আসছি। এখন আগের তুলনায় জলাবদ্ধতা কমে এসেছে। এ অবস্থায় বাকি নালা-নর্দমাগুলোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে এবং সেটা হলে নগরবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন।’