গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চবিদ্যালয়ের এক শ বছর পূর্ণ হয়েছে গতকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুর সাড়ে ১২টায় পলাশবাড়ী উপজেলা শহরে শোভাযাত্রা বের হয়। এতে তিন হাজারের বেশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষক অংশ নেন। প্রাক্তন ছাত্র ৮২ বছর বয়স্ক হাসান আজিজুর রহমান বলেন, ‘শতবর্ষের অনুষ্ঠানে থাকতে পারব, এমনটা কখনো ভাবিনি। জীবনসায়াহ্নে এসে এই অনুষ্ঠান ছাত্রজীবনের স্মৃতি মনে করিয়ে দিল। যে বিদ্যালয়ে এখন আমার নাতি-নাতনিরা পড়ছে সেখানে এসে নিজেকে ছাত্র মনে হচ্ছে। আবার যদি সেই জীবন ফিরে পেতাম।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুশীলচন্দ্র সরকার বলেন, ‘আমি এই বিদ্যালয়েরই ছাত্র। ১৯৮০ সালে বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি। আজ শিক্ষক হিসেবে শতবর্ষের অনুষ্ঠানে থাকতে পেরে ভালো লাগছে।’শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বলেন, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধ সৃষ্টির জন্য এ উদ্যোগ।বিকেলে বিদ্যালয় মাঠে পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদ চৌধুরীর সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।পলাশবাড়ী উপজেলা শহরের প্রাণকেন্দ্রে ১৯১১ সালে স্থাপিত এই বিদ্যালয়ে বর্তমানে প্রায় এক হাজার ১০০ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক রয়েছেন ২২ জন।