‘আবাসন সংকট নিরসনে পিপিপির আওতায় কাজ করবে সরকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন সংকট নিরসনে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) নীতিতে সরকার কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম ক্লাবের টেনিস কোর্ট মাঠে রিহ্যাব ফেয়ার, চট্টগ্রাম-২০১২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রামে ষষ্ঠ বারের মতো চার দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে। প্রধান অতিথির বক্তব্যে আবদুল মান্নান খান বলেন, ‘সরকারের একার পক্ষে আবাসন সংকটের সমাধান সম্ভব নয়। পিপিপির মাধ্যমে ২০২১ সালের মধ্যে সবার জন্য আবাসনের ব্যবস্থা করার লক্ষ্যে আমরা কাজ করতে চাই।’ পিপিপির আওতায় সরকার জমির ব্যবস্থা করবে উল্লেখ করে রিহ্যাব সদস্যদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আবাসনের জন্য সরকার খাস, পতিত ও অনুৎপাদনশীল জমি অধিগ্রহণ করে দেবে। আপনারা দেবেন পুঁজি, শ্রম ও মেধা।’ রিহ্যাব সভাপতি সাংসদ নসরুল হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার আবুল কাশেম। স্বাগত বক্তব্য দেন মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম আঞ্চলিক স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও মেলা কমিটির সভাপতি রবিউল হক।