‘আবু হেনার জন্য টিভি কিনেছি ডিশ সংযোগ নিয়েছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার বিলদহর গ্রামের মানুষের চেহারাই যেন পাল্টে গেছে। ভারতের জি-বাংলা টিভি চ্যানেলে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান মীরাক্কেল আক্কেল-৬ প্রতিযোগিতায় যুগ্মভাবে প্রথম হওয়া আবু হেনা রনির সাফল্যে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছে গ্রামের মানুষ। তাঁর বিজয় নিজেদের বিজয় ভাবছে তারা।রোববার রাত থেকে শুরু করে সোমবার সারা দিনই আশপাশের গ্রামের মানুষ শুভেচ্ছা জানাতে ভিড় জমায় আবু হেনার বাড়িতে।স্থানীয় একান্নবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুর রউফ তাঁর প্রিয় ছাত্রের সাফল্যে উৎফুল্ল। তিনি বলেন, ‘বাড়িতে টিভি ছিল না। রনির অভিনয় দেখার জন্য টেলিভিশন কিনেছি। ডিশের (স্যাটেলাইট) সংযোগ নিয়েছি। আমার মতো গ্রামের আরও অনেকে শুধু রনির জন্য টেলিভিশন কিনেছে, ডিশের সংযোগ নিয়েছে। আমরা রনির জন্য গর্বিত। সে আমাদের মুখ উজ্জ্বল করেছে।’যাঁকে নিয়ে এত হইচই, সেই রনির মা বিনা বেগম ছেলের সাফল্য সম্পর্কে বলেন, ‘আবু হেনা এত দিন শুধু আমার ছেলে ছিল, এখন সে সারা দেশের সন্তান। এটা ভাবতেই মাথাটা উঁচু হয়ে উঠছে।’ সোমবার আবু হেনার বাড়িতে গিয়ে দেখা গেছে, পুরো পরিবারটি যেন আনন্দে ভাসছে। ছেলের সাফল্যের খবর নিজের মুখে বলতে পক্ষাঘাতগ্রস্ত বাবা আবদুল লতিফ স্ত্রী ও ছেলের কাঁধে ভর করে বিছানা থেকে উঠে এলেন।আবদুল লতিফ বলেন, ‘আমি আনন্দে রাতে ঘুমাতে পারিনি। টেলিভিশনে দেখার পর বহু মানুষ আমাদের বাড়িতে এসে ওর জন্য শুভকামনা জানিয়ে গেছে।’আবু হেনা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন ছিল। কিন্তু দেশের বাইরে এত বড় সাফল্য পাব, তা কখনো ভাবিনি। প্রতিটি অনুষ্ঠানের পর আমি মাকে ফোন করে জানতে চাইতাম, আমার অভিনয় কেমন হয়েছে। দেশের মানুষের সমর্থন ও সহযোগিতা ছাড়া প্রথম হতে পারতাম না।’