'আবেগপ্রবণ বক্তব্য দিয়ে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না'
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আবেগপ্রবণ বক্তব্য দিয়ে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। এ জন্য সমস্যার মূলে যেতে হবে। এর সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার বিকল্প নেই।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ‘জঙ্গিবাদ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের চট্টগ্রাম মহানগর শাখা এ বৈঠকের আয়োজন করে।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘সংস্কৃতিচর্চার অভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিস্তৃতি ঘটছে বলা হচ্ছে। আবার বলা হচ্ছে, বিজ্ঞানমনস্ক শিক্ষার অভাবে জঙ্গিবাদের উত্থান ঘটছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নেই বলে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এমন কথাও বলা হচ্ছে। আমি এ ধরনের কথার সঙ্গে পুরোপুরি একমত নই। আর এসব আবেগপ্রবণ বক্তব্য দিয়ে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না।’
মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর আনজুমান আরা বেগম, আবিদা আজাদ প্রমুখ।