অশ্রুসিক্ত নয়নে গতকাল বুধবার মিরসরাই ট্র্যাজেডিতে হারিয়ে যাওয়া শিক্ষার্থীদের স্মরণ করল সহপাঠী ও স্বজনেরা। এদিকে গতকাল দুর্ঘটনাস্থলে সঞ্চৃতিস্তম্ভ ‘অন্তিম’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।গতকাল মিরসরাই ট্র্যাজেডির প্রথম বার্ষিকীতে ওই দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীসহ ৪৪ জনের স্বজন ও সহপাঠীরা সকাল থেকে দুর্ঘটনাস্থল ও আবুতোরাব উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত স্মৃতিফলক ‘আবেগ’-এ আসতে শুরু করে। স্মৃতিফলকে নিহত শিক্ষার্থীদের ছবি দেখার পর কান্না ধরে রাখতে পারেননি স্বজন ও সহপাঠীরা।মিরসরাই ট্র্যাজেডিতে নিহত আমিন শরীফের ফুফু জোছনে আরাও ছুটে এসেছিলেন স্কুল প্রাঙ্গণে। স্মৃতিফলকে একমাত্র ভাইপোর ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। শুধু তিনি নন, স্কুল প্রাঙ্গণে এসে সহপাঠীদের জন্য কেঁদেছে আছমা-উল হোসনা, পুষণ দেবনাথ, মেহেদী হাসান, এমরান হোসেন, রূপস বড়ুয়াসহ অন্য শিক্ষার্থীরা। তাদের কান্না চোখ ভিজিয়েছে অন্যদেরও। এভাবে স্বজন ও সহপাঠীদের চোখের জলে সিক্ত হয়েছে স্মৃতিফলক ‘আবেগ’।গতকাল সকাল থেকে আবুতোরাব-বড়তাকিয়া সড়কের দুর্ঘটনাস্থলে এবং আবুতোরাব উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নিহত ছাত্রদের স্মরণে নির্মিত স্মৃতিফলকস্থলে পুষ্পমাল্য নিয়ে আসতে শুরু করে তাদের পরিবার, বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থল ও স্মৃতিফলকস্থলে মানুষের ঢল নামে।গতকাল উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শোক পালন করা হয়। আবুতোরাব উচ্চবিদ্যালয়, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ, আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবুতোরাব ফাজিল মাদ্রাসা, আবুতোরাব বাজার তরুণ ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সংগঠন আবুতোরাব বাজার এলাকায় শোক র্যালি বের করে। এলাকার দোকানে দোকানে, গাড়িতে ও বাড়িতে কালো পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া কোরআনখানি, মিলাদ মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়। প্রার্থনা করা হয় আবুতোরাব জগন্নাথ ধামে।এদিকে, গতকাল বেলা ১১টায় আবুতোরাব-বড়তাকিয়া সড়কের সৈদালী এলাকার দুর্ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংসদ মোশাররফ হোসেন ‘আবেগ’-এ পুষ্পমাল্য অর্পণ করেন। এ ছাড়া উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, প্রাথমিক শিক্ষক সমিতি, নিহত ছাত্রদের পরিবারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সেখানে পুষ্পমাল্য অর্পণ করা হয়।আবুতোরাব উচ্চবিদ্যালয় মাঠে মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্মৃতিফলক ‘আবেগ’ ও ‘অন্তিম’-এর নকশাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক সাইফুল কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশরাফ হোসেন।প্রসঙ্গত, ২০১১ সালের ১১ জুলাই মিরসরাই সদর স্টেডিয়ামে খেলা দেখে মিনি ট্রাকে করে বাড়ি ফিরছিল মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় ৮০ জন। আবুতোরাব-বড়তাকিয়া সড়কের সৈদালী এলাকায় চালকের গাফিলতিতে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ৩৮ শিক্ষার্থীসহ ৩৯ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজন মারা যায়। এতে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ায় ৪৪ জনে।