‘আবেদিত’ মোটরসাইকেলে ছেয়ে গেছে ঠাকুরগাঁও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও শহরের ইসলাম প্লাজায় গত রোববার একটি প্রতিষ্ঠানের সভা চলছে। সভায় যোগ দিতে আসা সদস্যরা তাঁদের মোটরসাইকেলগুলো একে একে দাঁড় করিয়ে রাখছিলেন প্লাজার সামনে ফাঁকা জায়গায়। গুনে দেখা গেল, ২০৬টি মোটরসাইকেল আছে সেখানে। এর মধ্যে ১৯১টিরই নিবন্ধন নম্বর নেই। সেসব মোটরসাইকেলের নম্বর প্লেটে ‘অনটেস্ট’, ‘এএফআর’ ও ‘আবেদিত’ লেখা। এ চিত্র শুধু ঠাকুরগাঁওয়ের একটি এলাকার নয়, জেলায় এমন নম্বরবিহীন অসংখ্য মোটরসাইকেল চলাচল করছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালকের ভাষ্য মতে, জেলায় ২৫ হাজারেরও বেশি মোটরসাইকেল চলে। যার ৯০ ভাগেরই কোনো নিবন্ধন নেই।স্থানীয় একটি কলেজের শিক্ষক আহসানুর রহমান যাতায়াতের সুবিধার্থে ১৯৯৩ সালে একটি মোটরসাইকেল কিনেন। ৬৩ হাজার টাকায় মোটরসাইকেলটি কিনলেও সাত হাজার টাকার বিনিময়ে আজও সেই মোটরসাইকেলটির নিবন্ধন করাননি তিনি। এ প্রসঙ্গে ওই শিক্ষক বলেন, ‘শহরে নিবন্ধন ছাড়া মোটরসাইকেল চালাতে গিয়ে কখনো বাধার মুখে পড়িনি। অযথা নিবন্ধনের জন্য বাড়তি টাকা খরচ করে কী লাভ!’ বিআরটিএ, ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক এম এস কামরুল হাসান জানান, মোটরযান অ্যাক্ট অনুযায়ী সব গাড়ির জন্য বিআরটিএর নিবন্ধন থাকা বাধ্যতামূলক। অর্থাৎ বিআরটিএর নম্বর ব্যতীত কোনো যানবাহন রাস্তায় চলাচল আইনত দণ্ডনীয়। ‘অনটেস্ট’ ও ‘এএফআর’ কোনো নম্বর নয়। এ ধরনের প্লেট ব্যবহার সম্পূর্ণ বেআইনি। শোরুম থেকে গাড়ি কিনে বিআরটিএতে আবেদনপত্র জমা দেওয়ার পর নিবন্ধন নম্বর পাওয়া যায়। ওই নম্বর দিয়ে গাড়ি রাস্তায় ব্যবহার করার নিয়ম। তবু জেলায় বছরের পর বছর নির্বিঘ্নে অনটেস্ট, এএফআর বা আবেদিত লিখে নিবন্ধনহীন মোটরসাইকেল চলাচল করায় সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বিআরটিএর ওই কর্মকর্তা আরও জানান, নিবন্ধনহীন এসব মোটরসাইকেলের চালককে নিবন্ধন করার অনুরোধ জানিয়ে শহরে প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি চলছে নিবন্ধনহীন মোটরসাইকেল আটক অভিযান। জেলার পাঁচটি উপজেলায় এ পর্যন্ত ২০২টি নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করেছে পুলিশ। পরে মালিকেরা ১০৭টির নিবন্ধন ফি জমা দিয়ে তাঁদের মোটরসাইকেল ছাড়িয়ে নেন। নতুন একটি উদ্যোগের কথা উল্লেখ করে কামরুল হাসান বলেন, মোটরসাইকেল বিক্রেতাদের সঙ্গে আলোচনা করে তাঁদের কাছে ক্রেতাদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে বিআরটিএ। যার মাধ্যমে নতুন ক্রেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে নিবন্ধন সম্পর্কে উদ্বুদ্ধ করা হবে। নিয়মিত তথ্য দেওয়া প্রসঙ্গে উত্তরা মোটর্সের ডিলার এসবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শেখ রিয়াজুল ইসলাম বলেন, ‘শোরুমের মালিকেরা ক্রেতাদের পূর্ণাঙ্গ তথ্য দিলে যদি নিবন্ধনহীন মোটরসাইকেলের সংখ্যা কমে, তবে আমাদের তা নিয়মিত দিতে অসুবিধা নেই।’ ট্রাফিক সার্জন মমতাজুল রহমান জানান, জেলায় কী পরিমাণ মোটরসাইকেল নিবন্ধনহীন রয়েছে তা বলা যাচ্ছে না। তবে যেসব মোটরসাইকেলের এখনো নিবন্ধন করা হয়নি, সেসব আটক করে নিবন্ধন না করা পর্যন্ত ছাড়া হচ্ছে না। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শাহ আলম বলেন, মোটরযান অ্যাক্ট অনুযায়ী রাস্তায় চলাচলের ক্ষেত্রে সব গাড়ির নিবন্ধন বাধ্যতামূলক। নিজস্ব নম্বরে বা এএফআর ও অনটেস্টে গাড়ি চালানো বেআইনি।