‘আব্বা, আমার জন্য দোয়া কইরেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আব্বা, আমাদের ফ্যাক্টরিতে গতকাল ফাটল দেখা দিছে। তাই কাজে যাতে ইচ্ছা করছে না। বিল্ডিং ভাঙে পড়লে তো মরি যাব। কিন্তু কাজে না গেলে তো চাকরি থাকবি না। আমার জন্য দোয়া কইরেন।’ নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাগডোব গ্রামের আল্পনা খাতুন (১৭) গত বুধবার সকাল সাতটায় মুঠোফোনে বাবা জালাল উদ্দিনের সঙ্গে এভাবেই তার আশঙ্কার কথা জানিয়েছিল। এর কিছু সময় পর সে সাভারের রানা প্লাজা ধসে মারা যায়। তার মতো নাটোরের আরও দুই নারী শ্রমিক ওই দুর্ঘটনায় মারা গেছেন।পরিবারের দুঃখ-কষ্ট দূর করতে তিন মাস আগে তৈরি পোশাক কারখানায় কাজ নিয়েছিল আল্পনা খাতুন। পরিবারে সুখের বাতাস বইতে শুরু করেছিল। কিন্তু ভবনধসে সবকিছু লন্ডভন্ড হয়ে গেল। আল্পনার দাদা মাহমুদ আলী বলেন, আল্পনার বাবা জালাল উদ্দিন ভবঘুরে প্রকৃতির। আয়-রোজগার না থাকায় সংসারে অশান্তি লেগেই থাকত। তাই আল্পনার মা আমীরন বেগম স্বামীকে নিয়ে সাভারে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সংসার চালাতেন। চার ছেলেমেয়ে তাঁর কাছে গ্রামের বাড়িতে থাকত। তাঁদের সামান্য আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় জানুয়ারিতে আল্পনা সাভারের রানা প্লাজায় তৈরি পোশাক কারখানায় কাজ নেয়।