‘আব্বা জয়পুরহাট থেকে আবার অ্যাসবে’
আবদুল্লাহ আল তাকিবকে যখন কেউ প্রশ্ন করে তোমার আব্বা কোথায় গেছে, তাকিব উত্তর দেয়, ‘জয়পুরহাট গেছে’। ওর কাছে বাবার অনুপস্থিতি একেবারে সাময়িক। তাকিবের বিশ্বাস, বাবা ফিরবে খুব তাড়াতাড়ি। তিন বছরের শিশুটি এখনো বুঝতে পারে না, ওর বাবা ফোরকান আলী চলে গেছেন না-ফেরার দেশে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আরজি অনন্তপুর গ্রামের কৃষক ফোরকান (৩০)। ৩ মার্চ পাঁচবিবি থানা ঘেরাওয়ের সময় গুলিতে মারা যান ছয়জন। এঁদের একজন ফোরকান। গ্রামটি আয়মার রসুলপুর ইউনিয়নের মধ্যে। ফোরকান জামায়াতে ইসলামীর ইউনিয়ন কমিটির সেক্রেটারি ছিলেন। ফোরকানের বাবা মো. রজিবউদ্দিনও কৃষক। মা নুরজাহান বেগম, গৃহিণী। গতকাল শনিবার দুপুরে ফোরকানের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর বাবা রজিবউদ্দিন বাড়ির সামনে গৃহস্থালির কাজে ব্যস্ত। একটু পরেই উপস্থিত হলেন আত্মীয়পরিজনদের অনেকে।কৃষিকাজের পাশাপাশি বাড়ির সামনে একটি ছোট দোকান চালাতেন ফোরকান। ছিলেন অসম্ভব পরিশ্রমী। তাঁর আরেক ভাই আরমান আলী কাঠমিস্ত্রির কাজ করেন। সেলাই করে দরিদ্র সংসারটিতে বাড়তি আয়ের জোগান দেন ফোরকানের স্ত্রী তহুরা খাতুন। সাত বছর আগে বিয়ে হয়েছিল তাঁদের। মা নুরজাহান বেগম বলছিলেন, ‘অভাবের সংসারটা কেবল দাঁড়াবের নিছিল। তখনই আল্লাহ ওক (ফোরকান) তুলে লিল।’ স্ত্রী তহুরা জানালেন, ফোরকানের মুঠোফোনের চারটি সিম ছিল। দলীয় কাজে সব সময় ব্যস্ত থাকতেন তিনি। দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ হওয়ার পর দলীয় আদেশে ফোরকান লোকজন সংগ্রহ করে সেদিন সকালেই পাঁচবিবি শহরের দিকে রওনা দেন। দলের পক্ষ থেকে বলা হয়েছিল, সাঈদীর মুক্তির দাবিতে মিছিল হবে। তহুরা জানালেন, দলের প্রতিটি কর্মকাণ্ডে ফোরকান ছুটে যেতেন। সাঈদীর মুক্তির দাবিতে মিছিলের আহ্বান তাই ফেরাতে পারেনি তাঁকে। এলাকার একজন ছাত্র ফোরকানের সঙ্গে মিছিলে অংশ নিয়েছিলেন। তিনি জানালেন, সেদিন মিছিল শান্তিপূর্ণ হবে বলেই দলের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছিল। কিন্তু পাঁচবিবি থানার পাশে গিয়ে কিছু লোক থানা আক্রমণ করে বসে। ছাত্রটি জানান, ফোরকান আক্রমণকারীদের বাধা দেন। এ সময় একটি গুলি পেছন থেকে পায়ে লাগে। এরপর আরও দুটি লাগে বুক আর পেটে। একটি ভ্যানে করে উপজেলার মহীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান ফোরকান। স্ত্রী তহুরাসহ পরিবারের অনেকের কথা, আল্লাহর কাজে মারা গেছেন ফোরকান। আল্লাহর খুশিতেই মৃত্যু হয়েছে তাঁর। এই মৃত্যুর জন্য কাউকে দায়ীও করেন না কেউ। ফোরকানের মৃত্যুর পর দলের পক্ষ থেকে ছেলেটির খাবারের জন্য কিছু সাহায্য দেওয়া হয়েছে। এর বাইরে কেউ কোনো রকম সাহায্য দেয়নি। পরিবারের কেউ কিছুর জন্য প্রত্যাশাও করেন না বলে জানান। এসব কথা বলার সময় কাঁদছিলেন ফোরকানের স্ত্রী আর মা। বাবা তাকিয়ে ছিলেন মলিন মুখে।