'আব্বু আব্বু ডেকে গেছি, কেউ শোনেনি...'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ধসে স্ত্রী, ছেলেসহ পাঁচ স্বজনকে হারিয়ে নির্বাক মোহাম্মদ রফিক (মধ্যে)। তাঁকে কী বলে সান্ত্বনা দেবেন স্বজন ও প্রতিবেশীরা। ছবিটি গতকাল সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুর এলাকা থেকে তোলা l জুয়েল শীল

‘আমি টিনের নিচ থেকে আব্বু আব্বু ডেকে গেছি। কেউ শোনেনি। পা মাটিতে আটকে আছে। এক হাতে টিনের চালা আলগা করার চেষ্টা করছিলাম। তাও বারবার ছুটে যাচ্ছিল। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। এক সময় দেখলাম টিনের ওপর কারও পা পড়েছে। আমি চিৎকার দিয়ে উঠলাম। তখন আমাকে সেখান থেকে টেনে বের করা হয়।’

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে পাহাড়ধসের ধ্বংসস্তূপ থেকে প্রাণ নিয়ে ফিরেছে ১২ বছরের জান্নাতুল ফেরদৌস। গতকাল শুক্রবার ভোরে পাহাড়ধস হয় সেখানে। প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়।

পাহাড়ধসে জান্নাতুল হারিয়েছে তার মা ফাতেমা বেগম (৩০), ভাই ইউনুস (১০), ফুফু রাবেয়া (২৫), ফুফাতো বোন সামিয়া (৭) ও লামিয়া (২)। ফুফু রাবেয়া তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘরের দুটি কক্ষে ঘুমিয়ে ছিল পরিবারটি। হঠাৎ নেমে আসে বিপর্যয়।

পাহাড়ধসে মা ও ভাইকে হারিয়েছে জান্নাতুল ফেরদৌস। ঘরের টিনের চালার নিচে চাপা পড়েছিল সেও। এক প্রতিবেশী উদ্ধার করে তাকে l প্রথম আলো
পাহাড়ধসে মা ও ভাইকে হারিয়েছে জান্নাতুল ফেরদৌস। ঘরের টিনের চালার নিচে চাপা পড়েছিল সেও। এক প্রতিবেশী উদ্ধার করে তাকে l প্রথম আলো

জান্নাতুল সিএনজি অটোরিকশাচালক মো. রফিকের বড় মেয়ে। জঙ্গল ছলিমপুরে পাহাড়ের ওপর ৪০ ফুট ঢালুতে ঘর তৈরি করেন রফিক। আরও ৩০ ফুট ওপরে ছিল চূড়া। সেই ঘরের ওপর ধসে পড়ে চূড়ার একটি বড় খণ্ড।

জান্নাতুল, তার বোন সালমা (১১), বাবা রফিক (৩৫) ও চাচা গিয়াস উদ্দিন (৩০) একই কক্ষে ছিল। অন্য কক্ষে ছিল মা, ভাই, ফুফু ও তাঁর মেয়েরা। বাবা, চাচা ও বোন বের হয়ে যেতে পারলেও চাপা পড়েছিল জান্নাতুল।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে যখন ঘটনার বর্ণনা দিচ্ছিল তখনো ভয়ে কাঁপছিল সে। প্রতিবেশী আরিফুল ইসলাম তাকে উদ্ধার করেন। আরিফুলের ঘর জান্নাতুলদের নিচের পাহাড়ে। পাহাড়ধসের পর জান্নাতুলের বোন সালমা ধ্বংসস্তূপ থেকে বের হয়ে আরিফুলদের ঘরে গিয়ে দরজায় ধাক্কা দেয়।

সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে গতকাল ভোরে পাহাড়ধসে প্রাণ হারিয়েছে পাঁচজন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা লাশ নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবিটি দুপুরে় তোলা l প্রথম আলো
সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে গতকাল ভোরে পাহাড়ধসে প্রাণ হারিয়েছে পাঁচজন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা লাশ নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবিটি দুপুরে় তোলা l প্রথম আলো

আরিফুল বলেন, ‘বিকট শব্দে পাহাড় ধসে পড়ে। এরপর সালমা এসে আমাদের ডেকে তোলে। তখন সে বলে, তার বোন চিৎকার করছে। তখন আমি অন্ধকারে ওপরে উঠে আসি।’

আরিফুল ওপরে উঠে দেখেন কোনো সাড়া শব্দ নেই। বৃষ্টিও পড়ছিল। টিনের ওপর দিয়ে হাঁটার সময় হঠাৎ নিচ থেকে চিৎকার করে উঠে জান্নাতুল। তখন আরিফুল টিন সরিয়ে জান্নাতুলকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু তাঁর পা আটকে যায় মাটির ভেতর। তখন আরও কয়েকজন মিলে মাটি সরিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।

উদ্ধারের পর জান্নাতুলকে আরিফদের ঘরে রাখা হয়। সেখানে ছিল ছোট বোন সালমাও। দুই বোনকে স্বান্ত্বনা দিচ্ছিল পাড়া প্রতিবেশীরা। আর দুই বোনের কান্না যেন থামছিলই না।

বেলা সাড়ে ১১টার দিকে জান্নাতুল ও সালমাকে আরিফদের ঘর থেকে আরেক স্বজনের বাসায় নিয়ে যাওয়া হয়। এক স্বজনের কোলে চড়ে আরিফদের ঘর থেকে চলে যাওয়ার সময় জান্নাতুলের দুচোখ বেয়ে কেবল গড়িয়ে পড়ছিল পানি।