
‘শুক্রবার সন্ধ্যায় আব্বুকে ফোন করি। আব্বু বলে “জাহাজ ঘাটে বান্দে তারপর তোমার সাথে কথা বলবানি।” কিন্তু আব্বু আর ফোন করে নাই। আব্বু আর কোনো দিন ফোন করবে না।’
কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল নাদিম (১১)। সে এমভি কর্ণফুলী-৫ লাইটার জাহাজের মাস্টার শেখ এনামুল হোসেনের (৪৫) ছোট ছেলে। গত বুধবার সকালে ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকোতিয়া এলাকার মেঘনা নদীর চর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
শেখ এনামুলের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার আস্তাইল গ্রামে। নিখোঁজ সুকানি শাফিনুর রহমানের বাড়িও একই উপজেলার দোয়া মল্লিকপুর গ্রামে।
গত বৃহস্পতিবার এনামুলদের বাড়িতে গিয়ে জানা যায়, মধুমতী নদীর পাড়ে ছোট্ট একটি টিনের ঘরে তাঁদের বসবাস। বাবা বেঁচে নেই। বৃদ্ধা মা, স্ত্রী ও তিন ছেলে নিয়েই ছিল তাঁর সংসার। বড় ছেলে আকাশ এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে। মেজো ছেলে সম্রাট সপ্তম ও ছোট ছেলে নাদিম তৃতীয় শ্রেণির ছাত্র। নিজেদের কোনো জমিজমা নেই।
এনামুলের স্ত্রী নার্গিস (৩৫) জানান, প্রতি রাতে এনামুল ফোন করতেন। শুক্রবার ফোন না করায় রাত সাড়ে ১০টার দিকে তিনি ফোন দেন। কিন্তু এনামুলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে সারা রাত দুশ্চিন্তায় কেটেছে তাঁর (নার্গিস)।
নার্গিস বিলাপ করে বলেন, ‘এই তিন ছেলে নিয়ে এখন কোথায় দাঁড়াব?’ তিনি বলেন, এক মাস আগে গ্রাম থেকে ৫২ হাজার টাকা সুদে নিয়ে বড় ছেলের চোখের চিকিৎসা করিয়েছেন। ছেলের ডান চোখে কাঁটা ফুটেছিল। এখন ওই টাকা কীভাবে শোধ করবেন?
শাফিনুরের পরিবারে: শাফিনুরদের (৩৪) বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িভর্তি লোকজন। পরিবারের সদস্যরা জানান, ৩ নভেম্বর বাড়ি থেকে যান শাফিনুর। ৪ নভেম্বর তিনি এই জাহাজটিতে কাজ শুরু করেন। এর আগে ছিলেন অন্য জাহাজে।
বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, দুই মেয়ে ও ছোট ভাইকে নিয়ে শাফিনুরের সংসার। একটি টিনের ঘরে মধুমতী নদীর তীরে তাঁদের বসবাস। দু্ই মেয়ে এশা ও ঐশী প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। ছোট ভাই জসিম (১৬) নির্মাণশ্রমিকের কাজ করে।
শাফিনুরের স্ত্রী বীথিকা বলেন, শুক্রবার বেলা দুইটার দিকে শাফিনুরের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। তখন তিনি বলেন, ‘এখন জাহাজ চালাচ্ছি, তুমি ফোন দিয়ো না। আমি পরে ফোন দিবানি। কিন্তু আর হয়তো কোনো দিন সে ফোন দেবে না।’
এমভি কর্ণফুলী-৫ লাইটার জাহাজটি গত শুক্রবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ৭২০ মেট্রিক টন সার বোঝাই করে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশে ছেড়ে আসে। শনিবার সকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাতিরখাল মাছঘাট এলাকায় পুলিশ পরিত্যক্ত অবস্থায় জাহাজটি আটক করে। আগের রাতে জাহাজের শ্রমিকদের মধ্যে মারামারি হয়। সেই থেকে সাতজন নিখোঁজ ছিলেন। এর মধ্যে রোববার রাতে রামগতির সেন্টার খাল মাছ ঘাটের অদূরে মেঘনা নদী থেকে চালক নূর নেওয়াজের লাশ উদ্ধার করা হয়। আর বুধবার ভোলার মনপুরা থেকে উদ্ধার হয় মাস্টার এনামুলের লাশ।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, জাহাজটির আরও পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন। তাঁরা হলেন সুকানি শাফিনুর রহমান, লস্কর টিটু ও শামীম, বাবুর্চি (অজ্ঞাত) ও টিটুর অতিথি (অজ্ঞাত)।
এ ঘটনায় গ্রেপ্তার জাহাজের গ্রিজার পারভেজ বিচারিক হাকিম আদালতে স্বীকার করেন, শুক্রবার রাতে জাহাজের মাস্টার এনামুল, চালক নূর নেওয়াজ ও সুকানি শাফিনুরকে মারধর করেন লস্কর টিটু ও শামীমসহ অন্যরা। পরে তিনি ভয়ে নদীতে ঝাঁপ দেন। পরে জেলেরা তাঁকে উদ্ধার করেন।