'আব্বুকে না নিয়ে বাড়ি ফিরব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দে এক শিশু ও গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়ক-সংলগ্ন গোয়ালন্দ উপজেলার ইমাম বাড়ার সামনে দ্রুতগামী একটি বাসের চাপায় প্রাণ হারায় হৃদয় (৬) নামের শিশুটি। সে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী গ্রামের কৃষক হালিম শেখের ছেলে ও স্থানীয় মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।
ঘটনাস্থলের পাশেই হৃদয়ের মা ময়না বেগম বলছিলেন, ‘আপনারা আমার হৃদয়কে এনে দেন। ও ওর আব্বুকে না নিয়ে বাড়ি ফিরবে না। এ কথা বলেই জেদ করে সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। মুহূর্তের মধ্যে চোখের সামনে আমার জানরে চাপা দিয়া পিষে নেয় বাস। আমি অহন কী নিয়ে বাড়ি ফিরব।’
হৃদয়ের খালু বদর উদ্দিন শেখ বলেন, ‘আইজ (সোমবার) সকালে ইমাম বাড়ার পেছনে আমার বাড়িতে হৃদয় তার বাবা-মার সঙ্গে বেড়াতে আসে। বিকেল হওয়ায় হৃদয়কে নিয়েই ওর মা বাড়ি যাওয়ার কথা বললে হৃদয় মহাসড়কে এসে বারবার বলছিল, “আমি আব্বুকে না নিয়ে বাড়ি ফিরব না।” ওর বাবা এ সময় মহাসড়কের পাশে আমার সঙ্গে ধান কাটছিল। এ সময় দৌলতদিয়াঘাট থেকে আসা লালন পরিবহনের একটি বাস ওকে চাপা দিয়ে চলে যায়।’
গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন প্রায় আধঘণ্টা মহাসড়ক অবরোধ করে। থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। বাসটিকে গোয়ালন্দ মোড় থেকে আটক করা হয়েছে।
এদিকে কোটালীপাড়ায় বাস ও ইঞ্জিনচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাদের কাজী (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তাঁর ছেলে অটোরিকশার চালক ইলিয়াস কাজী (৪০)।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কোটালীপাড়া-রাজৈর সড়কের রাধাগঞ্জের মনোহর মার্কেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাদের কাজীর বাড়ি কোটালীপাড়া উপজেলার সিতাইকুণ্ডু গ্রামে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, রাধাগঞ্জ বাজার থেকে মালামাল কিনে অটোভ্যানে করে বাবা ও ছেলে সিতাইকুণ্ডু গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে অটোভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে কোটালীপাড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সামনাসামনি সংঘর্ষ হয়। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন।
পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কাদের কাজীকে মৃত ঘোষণা করেন।