‘আমগর এইবার ঈদ নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমগর এইবার ঈদ নাই, পোলা-পুরিগরে নতুন কাপড়-চুপড় কিইনা দিয়োনের সমর্থডাও নাই। আমগর গ্রামের ঈদের আনন্দ ঢলের পানির লগে ভাইস্যা গেছে। পাহাড়ি ঢলের পানিতে এই রহম কেয়ামত জীবনেও দেহি নাই।’ভাঙা ভাঙা কণ্ঠে কথাগুলো বললেন পাহাড়ি ঢলে ঘর হারিয়ে সড়কে আবস্থান নেওয়া শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভালকাকুড়া গ্রামের হালিমা খাতুন (৬৫)। কথাগুলো হালিমা খাতুনের একার নয়, তাঁর মতো উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় এক হাজার ৫০০ পরিবারের।সামনে ঈদ, কিন্তু এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অর্থাভাবে ঘর নির্মাণ করতে না পারায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। কেউ কেউ কলাপাতা, পলিথিন, চালা বাঁধা ঘর তৈরি করে আবার অনেকেই সড়কে পরিবার নিয়ে রাত কাটাচ্ছেন।সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৬ আগস্ট থেকে তিন দিনের পাহাড়ি ঢলে ভোগাই নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় উপজেলার পৌরসভাসহ ১০টি ইউনিয়ন প্লাবিত হয়। ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের ১০ কেজি চাল আর ত্রাণ হিসেবে দুই দফায় পাওয়া আট কেজি চাল এখন জীবন বাঁচানোর একমাত্র সম্বল।কাঁকরকান্দি ইউনিয়নের রসাইতলা গ্রামের মো. নছিমদ্দিন (৫৫) বলেন, ‘পানির ধাক্কায় ঘরবাড়ি, খেতের ফসল, মজুত ধান, থালিবাসুন, হাঁস-মুরগি, কাপড়চোপড় সব ভাইস্যা গেছে গা। এখন আমগর কিছুই নাই। আমগর বাবা ঈদ নাই। চাইরডা চাল আর ত্রাণ হিসেবে ২০০ টেহা পাইছি। ঈদ পর্যন্ত চলুনের লাইগা এই সব কিছুই না।’ হাতিবান্দা গ্রামের মো. আ. সালাম কালু (৪৫) বলেন, ‘সামনে ঈদ, ছেলেমেয়েরে নতুন কাপড়ের কতা তো দূরে থাক, কী খাওয়ামু, হেই চিন্তাই করতাছি। কাঁকরকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুল্লাহ তালুকদার বলেন, ‘আমরা সরকারিভাবে যা পেয়েছি, সকলের মাঝে সমপরিমাণে ভাগ করে দিয়েছি।’