‘আমগো মেয়র কবুতররে রিলিপের গম খাওয়ায়’
পাওনাদার ও যৌথ বাহিনীর ভয়ে পালিয়ে ছিলেন বছর কয়েক। চেক জালিয়াতি মামলায় জেল খেটেছেন। তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা বিচারাধীন আছে। চারদলীয় জোট সরকারের আমলে তিনি ভোলার দৌলতখান পৌরসভার নির্বাচিত মেয়র ছিলেন। সে সময় তিনি বাড়িতে প্রায় আড়াই শ জোড়া কবুতর পালতেন। এলাকাবাসীর অভিযোগ, এতগুলো কবুতরের খাবার আসত ত্রাণের গম থেকে। সেই পৌর মেয়র মাকসুদুর রহমান শিকদার এবারও বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করছেন। নির্বাচনের মাঠে নেমেই তিনি বলেছেন, ‘পৌরসভার ৭০ ভাগ ভোট আমার। সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই আমি আবার মেয়র হব।’ মেঘনার তীর ঘেঁষে দৌলতখান পৌরসভা। অধিকাংশ মানুষ নিম্ন আয়ের মৎস্যজীবী। ঝড়-জলোচ্ছ্বাস, নদীভাঙন তাঁদের নিত্যসঙ্গী। প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে মানুষজন পৌরপিতাকে তাঁদের কাছে পাননি বলে অভিযোগ রয়েছে। পৌর এলাকার কয়েকজন বাসিন্দা জানান, পরের টাকায় আরাম-আয়েশ করে জীবন কাটানোর জন্যই সবাই তাঁকে ‘দৌলতখানের জমিদার’ বলে ডাকেন। ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলুর রহমান বলেন, চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে মাকসুদুর রহমান তাঁর বাড়িতে আড়াই শ জোড়া কবুতর পালতেন। এসব কবুতরের খাবার দেওয়া হত ত্রাণের গম থেকে। তত্ত্বাবধায়ক সরকারের সময় এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি। এ সময় খাবারের অভাবে অনেক কবুতর উড়ে যায়। গত ৬ জানুয়ারি তাঁর বাড়িতে গিয়ে ২৫-২৬ জোড়া কবুতর দেখেছেন বলে দাবি করেন ফজলুর রহমান। নাম প্রকাশে অনিচ্ছুক ৭ নম্বর ওয়ার্ডের আরেক বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমরা বাত (ভাত) খাইতাম পাই না। আর আমগো মেয়র কবুতররে রিলিপের (ত্রাণ) গম খাওয়ায়। হুনছি হারা বছর হ্যায় (মেয়র) ডাকা (ঢাকা), নাইলে আমরিকা যাইয়্যা দিন কাডায়। হেইতের মতো জমিদার আমগো দরকার নাই। আমরা চাই এমুন মানুষ, যে আমগো পাশে থাকপো।’ ৮ নম্বর ওয়ার্ডের ভোটার সোহেল হোসেন বলেন, ‘আমাদের বর্তমান মেয়র একজন প্রতারক। তিনি জোট সরকারের সময় শত শত বেকারের কাছ থেকে টাকা নিয়েছেন পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেবেন বলে। কিন্তু কাউকে চাকরি দিতে পারেননি, টাকাও ফেরত দেননি। পৌরসভায় টিআর, কাবিখা ও ভিজিএফ-ভিজিডির চাল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিতেন। কিন্তু ওই চাল ও টাকা ফেরত দেওয়ার ভয়ে তিনি পালিয়ে বেড়াতেন। পরে চেক জালিয়াতি মামলায় বেশ কিছুদিন জেল খেটেছেন।’ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাকির হোসেন (২৫), পেশায় মুদি ব্যবসায়ী। তিনি বলেন, ‘জীবনের প্রথম ভোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাকসুদুর রহমান শিকদারকে দিয়েছিলেন। কিন্তু তিনি মেয়র হওয়ার পরে কয়েক দিন পর পর ঢাকায় গিয়ে পড়ে থাকতেন। গত পাঁচ বছরে পৌরসভার কর্মচারী ছাড়া আর কেউ তাঁকে চোখে দেখেনি।’ মাকসুদুর রহমান শিকদার দাবি করেন, তিনি প্রতারক নন। সবার টাকাই শোধ করার চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘আমার এক আত্মীয় আমার সঙ্গে প্রতারণা করায় চেক জালিয়াতির মামলায় জেল খেটেছি। অন্যদিকে অসুস্থতা, সড়ক দুর্ঘটনা ও আমেরিকায় যাওয়ার কারণে দৌলতখানে অনুপস্থিত ছিলাম। কিন্তু তা বেশি দিনের জন্য নয়, কাজ ঠিকমতো করেছি।’ কবুতরের পেছনে ব্যয়ভার তিনি নিজেই বহন করতেন বলে দাবি করেন। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মাকসুদুর রহমান শিকদার (দেয়ালঘড়ি) ছাড়াও দৌলতখান পৌরসভায় এবার মেয়র পদে আরও দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ সমর্থিত নাসির আহাম্মেদ খান (জাহাজ), নাগরিক কমিটির আলী আজম মুকুল (আনারস)।