'আমরা অসাধারণ মানুষেরা ট্রাফিক আইন মানি না'
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অনেক সাধারণ মানুষ ট্রাফিক আইন মানেন। কিন্তু আমরা আইনপ্রণেতা, অসাধারণ মানুষেরা আইন মানি না।’ জাতীয় সংসদে গতকাল বুধবার ৭১ বিধিতে এ কে এম রহমতুল্লাহর আনা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ক নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু হয়ে যাচ্ছে। অথচ যানজট কমছে না। যানজটের চেয়ে জনজট বেশি। কেউই নিয়ম মানেন না। আমাদের ভিআইপিরাও না। আমি নিজে দেখেছি, ভিআইপিরা উল্টো পাশ দিয়ে গাড়ি চালিয়ে রাস্তা পার হন। নীলক্ষেতে সংসদের স্টিকার পাওয়া যায়। কাজের লোক সংসদের স্টিকারযুক্ত গাড়ি নিয়ে বাজার করতে যায়। আমাদের আইন মানতে হবে। আমরা মানলে সাধারণ মানুষও মানবে।’
নোটিশে রহমতুল্লাহ বলেন, দেশে ১৯ লাখ ৮১ হাজার ৪৪৪টি গাড়ির নিবন্ধন আছে। এর মধ্যে ৫ লাখ ৪০ হাজার ৮৬৬টি গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। অনিবন্ধিত গাড়ির সংখ্যা অর্ধলক্ষাধিক। জাল লাইসেন্স ব্যবহার করছে ১৬ লাখ চালক। ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকের কারণে ১০ বছরে ৩৫ হাজার লোক নিহত হয়েছেন। তিনি ত্রুটিপূর্ণ গাড়ি ও জাল ড্রাইভিং লাইসেন্স নিয়ন্ত্রণে সমন্বিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জবাবে ওবায়দুল কাদের বলেন, এ মুহূর্তে রাস্তা থেকে গাড়ি অপসারণ করা সম্ভব নয়। কারণ, অপসারণ করার পরের দিন রাস্তায় সাধারণ মানুষ গাড়ি খুঁজে পাবেন না। পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করে ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।