'আমরা অহন থাকবাম কই, খাইয়াম কিতা'
‘বানে আমরার টিনের ছেলা ঘর উড়াইয়া নিছে, টিন খুঁইজা পাইছি না। যা খাওন আছিন, তাও বান গিইল্যা ফালাইছে। ঘরে থাহা চৌকিডাও ঝড়ে ভাইঙ্গা গ্যাছে। গত তিন দিন ধইর্যা বৃদ্ধ মা ও দুই সন্তানরে লইয়া আধপেটা খাইয়া বাঁইচ্যা আছি। আমরা অহন থাকবাম কই, খাইতাম কিতা!’
কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের দরিদ্র নারী নুরুন্নাহার বেগম (৫০)। এ আকুতি শুধু নুরুন্নাহারের নয়, কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত উপজেলার শত শত মানুষের। তাঁদের অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছেন।
গত রোববার রাতে কালবৈশাখীর আঘাতে এ উপজেলায় চারজন নিহত ও চার শতাধিক লোক আহত হয়। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ পাঁচ সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়, ১০ সহস্রাধিক গাছপালা উপড়ে পড়ে। এ উপজেলায় এক হাজার হেক্টর বোরো জমির পাকা ধান সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। ধরমপাশা-মধ্যনগর ও জয়শ্রী সড়কে ৩০-৩৫টি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। ছিঁড়ে পড়েছে তার। ঝড়ের রাত থেকে উপজেলা বিদ্যুৎ-বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ পেতে সপ্তাহ দুয়েক সময় লাগবে বলে জানান নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. আবু তাহের।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালিব খান বলেন, ‘উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমি জেলা প্রশাসক ও স্থানীয় সাংসদের সঙ্গে কথা বলেছি।’ সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করার জন্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে চাল ও টাকা বরাদ্দ পাওয়া গেছে। তালিকা তৈরি করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনওকে বলা হয়েছে। তালিকা চূড়ান্ত হলেই ত্রাণ বিতরণ শুরু হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেদুর রহমান বলেন, সরকারিভাবে এ পর্যন্ত এক লাখ টাকা ও ১১০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। এ টাকা থেকে নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা ও আহত ব্যক্তিদের সাময়িক চিকিৎসা-সহায়তা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে ক্ষতিগ্রস্ত দরিদ্র লোকজনের মধ্যে বরাদ্দ করা চাল বিতরণ শুরু করা হবে। তিনি আরও বলেন, এ দুর্যোগে বেসরকারি সংস্থার কার্যক্রম অত্যন্ত হতাশাজনক।
দুর্গত এলাকা ঘোষণার দাবি: ধরমপাশা উপজেলা পরিষদের সামনের সড়কে গতকাল বুধবার দুপুরে আধঘণ্টাব্যাপী মানববন্ধন হয়েছে। আমরা ধরমপাশাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মধ্যে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ, পুনর্বাসন ও উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানানো হয়।