'আমরা আর বিচার চাইব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাবুল ও তার ভাড়াটে সন্ত্রাসীরা আমাকে পঙ্গু করেছে। আমার ভাইকে নির্যাতন করেছে। আমার ঘরে আগুন দিয়েছে। আমার এইচএসসি পরীক্ষার্থী ছেলের হাতের কবজি ও পায়ের রগ কেটে দিয়েছে। আমাদের ওপর এত অত্যাচারের পরও মামলার আসামিরা ধরা পড়ছে না। পুলিশ তো টাকা নিয়ে মুখ বন্ধ করে রাখে। আমরা আর বিচার চাইব না। কার কাছে বিচার চাইব?’
কাঁদতে কাঁদতে কথাগুলো বললেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর মছদিয়া ব্যাপারীপাড়ার ফরিদা বেগম।
গত বৃহস্পতিবার ফরিদা বেগম প্রথম আলোকে বলেন, সৌদিপ্রবাসী মাহমুদুল হক ওরফে বাবুলের দোকানে তাঁর দেবর মো. ওসমান আট বছর চাকরি করেছেন। ওই চাকরি ছেড়ে দিয়ে অন্য চাকরিতে যোগ দিলে বাবুল ওসমানের ওপর ক্ষিপ্ত হন। ওসমান বাংলাদেশে এলে বাবুলও একই সময় দেশে আসেন। ওই সময় বাবুল নিজে ও স্থানীয় সন্ত্রাসী দিয়ে ওসমানের ওপর হামলা চালান। ওসমান থানায় মামলা করলে পরে আবারও তাঁকে মারধর করা হয়। পরে ওসমান তাঁকে মামলা পরিচালনার দায়িত্ব দিয়ে বিদেশে চলে যান। ওসমানের পক্ষ নেওয়ায় গত ১৭ এপ্রিল বাবুলের নির্দেশে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে আঘাত করে তাঁকে পঙ্গু করে দিয়েছে। তিনি বলেন, গত ১৭ জুলাই তাঁর ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত ১৩ অক্টোবর সন্ধ্যায় বাবুলসহ অন্য সন্ত্রাসীরা তাঁর ভাই মো. হারুনের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে অস্ত্র ঠেকিয়ে তাঁকে তুলে নিয়ে মারধর এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
ফরিদার অভিযোগ, ১৭ ডিসেম্বর বাবুলের ভাড়াটে সন্ত্রাসীরা তাঁর ছোট ছেলে বোরহান উদ্দিনের হাত-পায়ের রগ কেটে দেয়। এর ১৫ দিন আগেও তাঁকে ছুরিকাঘাত করা হয়। তাঁর অভিযোগ, স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বাবুল।
বোরহানের ওপর হামলার ঘটনায় গত শুক্রবার ফরিদা বেগম ২০ জনকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাবিবুর রহমান বলেন, বাবুলের সঙ্গে ফরিদা বেগমের কী নিয়ে বিরোধ, তা তিনি জানেন না। তবে ফরিদা সম্ভবত দেবরের পক্ষ নেওয়ায় এসব হামলার ঘটনা ঘটেছে।
কোনো ধরনের অনৈতিক লেনদেনের কথা অস্বীকার করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, ফরিদা বেগম দেবরের পক্ষ নেওয়ায় ঘটনাগুলো ঘটছে। ফরিদার ছেলেকে কুপিয়ে হাতের কবজিসহ পায়ের রগ কেটে ফেলার ঘটনা অমানবিক। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাবুল বিদেশে থাকায় অভিযোগ সম্পর্কে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বাবুলের চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, তিনি শুনেছেন, ওসমানের কাছে বাবুল কিছু টাকা পান। কিন্তু ওসমান টাকা ফেরত দিয়ে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাঁদের মধ্যে মামলা-মোকদ্দমা চলছে। ফরিদা ওসমানের পক্ষ নিয়েছেন। এর পর থেকে বাবুলের সঙ্গে ফরিদার বিরোধ দেখা দেয়।
ওসমান বলেন, বাবুল তাঁর কাছে কোনো টাকা পাবেন না।