'আমরা আর ভিক্ষা করব না'
যশোরের ঝিকরগাছা উপজেলার ১৭৮ জন ভিক্ষুক হাত তুলে ভিক্ষা না করার অঙ্গীকার করেছেন। গতকাল বুধবার দুপুরে ঝিকরগাছা উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণার অনুষ্ঠানে ভিক্ষুকেরা এ অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে তাঁদের জমির দলিলসহ আয়বর্ধক বিভিন্ন পণ্যসামগ্রী দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীর ঝিকরগাছা উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা দিয়ে বলেন, ‘ঝিকরগাছার ভিক্ষুকদের মধ্যে ৭৩ জনকে সরকারি খাসজমি স্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়েছে।’
ভিক্ষুকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের জন্য আপনাদের মধ্যে ভ্যান, ছাগল, হাঁস-মুরগি, চা-দোকানের সরঞ্জামসহ বিভিন্ন ধরনের আয়বর্ধক সামগ্রী দেওয়া হলো। লাগলে আরও দেব। আপনারা ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) সাহেবকে বলবেন। কিন্তু ভিক্ষাবৃত্তি আর করা যাবে না। কথা দিতে হবে।’
এ সময় ভিক্ষুকদের সবাই দাঁড়িয়ে দুই হাত তুলে বলেন, ‘আমরা আর ভিক্ষা করব না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও জাহিদুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবিরা সুলতানা, পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার জামাল।