'আমরা এ অশান্তি থেকে মুক্তি চাই'
পাবনার বেড়া উপজেলায় দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে উপজেলার অন্যতম ব্যবসাকেন্দ্র হাটুরিয়া বাজার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং একটি বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। কয়েক দিন আগে পুলিশি পাহারায় বিদ্যালয়টিতে এসএসসির নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় এ পর্যন্ত এক স্কুলছাত্র নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। কয়েক দিন পর পর এসব ঘটনা ঘটছে। এতে ওই এলাকার মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এ পরিস্থিতিতে গ্রামের অনেকে বলছেন, ‘আমরা এ অশান্তি থেকে মুক্তি চাই।’
জানা যায়, উপজেলার হাটুরিয়া ও জগন্নাথপুর গ্রামের মাঝখানে হাটুরিয়া বাজার। এখানে দুই শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান আছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাটুরিয়া গ্রামের সরকার বংশের সঙ্গে জগন্নাথপুর গ্রামের টেকপাড়ার লোকজনের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জের ধরে বছর দেড়েক আগে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর পর থেকে প্রায়ই পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এর জের ধরে হাটুরিয়া বাজারের উভয় পক্ষের সমর্থকদের দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হচ্ছে। এ ছাড়া দুই পক্ষের লোকজন প্রায়ই অস্ত্র নিয়ে বাজারে মহড়া দেওয়ায় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এতে এ বাজার ছেড়ে চলে গেছেন অনেক ব্যবসায়ী।
সরেজমিনে দেখা গেছে, বাজারের অর্ধেক দোকানই বন্ধ। খোলা দোকানগুলোতে মালামাল কম। বাজারে ক্রেতাদের উপস্থিতিও কম।
হাটুরিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হোটেল মালিক আবদুল আলিম বলেন, ‘একসময় ভোর থেকে রাত ১২টা পর্যন্ত জমজমাট বেচাকেনা হতো। এখন বসে বসে মাছি মারতে হয়। শিগগিরই এই বাজার ছেড়ে অন্যত্র চলে যাব।’
দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটায় নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চবিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয় থেকে জানা গেছে, গত বছরের ১৬ অক্টোবর দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে। ওই দিন বিদ্যালয়ে এসএসসির নির্বাচনী পরীক্ষা চলছিল। হামলায় জগন্নাথপুর গ্রামের মতিয়ার নামের এক পরীক্ষার্থী নিহত হয়। এরপর ছয়বার বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। ২১ অক্টোবর বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, পুলিশি পাহারায় এসএসসির নির্বাচনী পরীক্ষা চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দুই পক্ষ সমঝোতার জন্য এর আগে একাধিকবার বসেছিল। কিন্তু সমঝোতা হয়নি। এ ছাড়া পরস্পরের বিরুদ্ধে করা আট-দশটি মামলাও সমঝোতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। দুই সপ্তাহ আগেও হাটুরিয়া গ্রামের এক তরুণকে আটকে রেখে মারধর করেছেন জগন্নাথপুর গ্রামের লোকজন।
জগন্নাথপুর গ্রামের নূর ইসলাম জানান, এই দ্বন্দ্ব নিরসনের জন্য দুই পক্ষেরই ছাড় দেওয়ার মানসিকতার প্রয়োজন।
হাটুরিয়া গ্রামের সরকার বংশের করিম সরকার বলেন, ‘আমরা এ অশান্তি থেকে মুক্তি চাই। এ জন্য আমরা যে কারও মধ্যস্থতায় তাঁদের সঙ্গে বসতে রাজি আছি।’
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বাজার ও স্কুলের নিরাপত্তার জন্য আমার সর্বোচ্চ নজরদারি রয়েছে। কাজেই ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছুই নেই। ওই এলাকায় দ্বন্দ্ব নিরসনে এর আগেও বৈঠক করেছি। আবারও করব।’