‘আমরা এ চার্জশিট মানি না। উদ্দেশ্যমূলকভাবে কয়েকজন আসামির নাম বাদ দেওয়া হয়েছে। একটি পক্ষ এ মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।’
এ প্রতিক্রিয়া যুবলীগের নেতা রিয়াজুল হক খান মিল্কীর ভাই কায়ছার মিল্কীর। মিল্কী হত্যা মামলার অভিযোগপত্রে কয়েকজন আসামির নাম বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় আজ মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে প্রথম আলোকে তিনি এসব কথা বলেন।
আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ১২ জনকে আসামি করে এ হত্যা মামলার অভিযোগপত্র দেন র্যাব-১-এর তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার কাজিমুর রশিদ। অভিযোগপত্র থেকে মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম আরিফসহ নয়জনকে অব্যাহতি দেওয়া হয়। জাহিদুল ও ওয়াহেদুল মামলার এজাহারভুক্ত আসামি।
কায়ছার মিল্কী বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে জাহিদুল ও ওয়াহেদুলকে বাদ দেওয়া হয়েছে। আমার ভাই হত্যার পরিকল্পনায় ছিলেন জাহিদুল। আর ঘটনার সময় আশপাশে ছিলেন ওয়াহেদুল। অথচ তাঁদের নাম বাদ দেওয়া হলো। আমরা ধরে নেব, যারা তাঁদের নাম বাদ দেওয়ার কলকাঠি নেড়েছে, তারাও আমার ভাই হত্যায় জড়িত। ভবিষ্যতে তারাও এ মামলার আওতাভুক্ত হতে পারে। আমরা অচিরেই এ অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দেব।’
এ বিষয়ে জানতে চাওয়ার জন্য যোগাযোগ করা হলে মামলার প্রধান তদন্ত কর্মকর্তা র্যাব-১-এর অধিনায়ক কিসমত হায়াত্ প্রথম আলোকে বলেন, ‘সাক্ষ্যপ্রমাণ পাওয়া না যাওয়ায় জাহিদুল ও ওয়াহেদুলসহ নয়জনকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। এখন কেউ যদি নারাজি দিতে চায়, দেবে। এটা তাদের ব্যাপার। এতে কোনো সমস্যা নেই।’
গত বছরের ২৯ জুলাই যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কীকে রাজধানীর গুলশানের একটি শপিং কমপ্লেক্সের সামনে গুলি করে হত্যা করা হয়।