‘আমরা এক সঙ্গ হইমু’ আমেজে উৎসবমুখর আদিবাসী পল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবচে বড় কথা হইল, অনেক দিন পর সবার সঙ্গে সবার দেখা হইবে। আমরা এক সঙ্গ হইমু, এইটা ভাবতেই মনে খুশি লাগছে...!’ সিলেটে আদিবাসী ও পরিবেশ নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা সম্মেলনে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খাসিয়াপল্লির আসলমপুঞ্জির বাসিন্দা বেটসেবা আমসি এভাবেই তাঁর প্রতিক্রিয়া জানালেন।সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা ‘বাপা-বেন-সাস্ট আদিবাসী ও পরিবেশ সম্মেলন ২০১২’ কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। টানা তিন দিনের আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় অনুষ্ঠানে বলা হয়, সিলেট বিভাগের চার জেলার বাসিন্দা বিভিন্ন গোত্রের চার শতাধিক আদিবাসী সম্মেলনে যোগ দিতে নিবন্ধিত হয়েছেন।আয়োজক সূত্রে জানা গেছে, এ অঞ্চলের আদিবাসীদের সমস্যা ও পরিবেশ বিপর্যয় চিহ্নিত করে তিন দিনের আলোচ্য বিষয় থেকে ঘোষিত হবে ‘সিলেট ঘোষণা’। এ ঘোষণা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে সুনামগঞ্জের আদিবাসী নেতা শিশির দিও বলেন, ‘আদিবাসীরাই আগলে রাখেন পরিবেশ। এর পরও আদিবাসীদের উচ্ছেদে চলে নানা তৎপরতা। এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখা হবে বলে আমরা আশাবাদী।’ জাফলংয়ের ওয়েলকাম লাম্বা বলেন, ‘আদিবাসী না থাকলে পরিবেশ থাকবে না। এত দিন আমরাই এ কথা বলে আসছি। সম্মেলন থেকে এবার গুণীজনেরা বলবেন।’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান তিন দিনের সম্মেলন উদ্বোধন করবেন। উদ্বোধনী অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালের উপস্থিত থাকার কথা রয়েছে। কনভেনশনের আহ্বায়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরিফ জামিল প্রথম আলোকে বলেন, তিন দিনের পর্যালোচনা থেকে সিলেট ঘোষণা আসবে আদিবাসীদের বসবাস নিরাপদ করার স্বার্থে।মতবিনিময়: প্রস্তুতি চূড়ান্ত হয়েছে জানিয়ে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আয়োজকেরা জানান, সম্মেলন থেকে ঘোষিত ‘সিলেট ঘোষণা’ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন মতবিনিময় সভায় বলেন, ‘এটি একটি বড় আয়োজন। এত বড় আয়োজন বিশ্ববিদ্যালয়ে করার একটাই উদ্দেশ্য, আর তা হচ্ছে শিক্ষার্থী তথা নতুন প্রজন্ম আদিবাসীদের জীবন-যাপন ও আদি সংস্কৃতি ধরে রাখার বিষয়টি সরাসরি প্রত্যক্ষ করবে।’