
ছিটমহল বিনিময়ে স্থলসীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিল বিনিময় হওয়ার খবরে গতকাল শনিবার কুড়িগ্রাম, পঞ্চগড় ও লালমনিরহাটে ছিটমহলবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। ছিটমহলবাসী বাংলাদেশের পতাকা নিয়ে মিছিল করে। এ সময় ‘আমরা নই ছিটবাসী, আমরা এখন বাংলাদেশি’জাতীয় স্লোগান দেওয়া হয়। খুশিতে অনেকে মিষ্টি বিতরণও করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ছিটমহল বিনিময়ে স্থলসীমান্ত চুক্তি অনুসমর্থনের দলিল বিনিময় করে বাংলাদেশ ও ভারত। গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহিদুল হক ও ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর নিজ নিজ দেশের পক্ষে এসব দলিল হস্তান্তর করেন। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: স্থলসীমান্ত চুক্তির অনুসমর্থনের দলিল বিনিময়ের পরপরই জেলার অভ্যন্তরে ১২টি ছিটমহলের মানুষ উল্লাসে মেতে ওঠেন। বাংলাদেশের পতাকা হাতে মিছিলসহ মিষ্টি বিতরণ করা হয়।
বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ীর অভ্যন্তরের দাশিয়ার ছড়া ছিটমহলে দেখা যায়, ঘরে ঘরে উড়ছে বাংলাদেশের পতাকা। শিশুরা আনন্দ-উল্লাস করছে। ফুলবাড়ীর কলেজশিক্ষার্থী পাপড়ি বলেন, ‘সীমান্ত চুক্তির দলিল দুই দেশের মধ্যে হস্তান্তরের মধ্য দিয়ে আমাদের অবরুদ্ধ জীবনের অবসান ঘটল। আমরা এখন সার্বভৌম বাংলাদেশের নাগরিক।’
গংগারহাট বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আয়শা সিদ্দিকা বলে, ‘আমাদের আর মিথ্যা পরিচয় দিয়ে পড়ালেখা করতে হবে না। প্রসূতি মায়েদের অকালে মৃত্যুবরণ করতে হবে না। আমরা এখন বুকে হাত দিয়ে বলতে পারব, আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক।’
একই ধরনের দৃশ্য দেখা গেল ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের অভ্যন্তরের ছিট সাহেবগঞ্জ, গাওচুলকা, ছোট গাওচুলকা ও কালামাটিতে। সাহেবগঞ্জ ছিটের ৯৫ বছরের বৃদ্ধ সোবহান মিয়া বলেন, ‘পাকিস্তান থাকি এখন পর্যন্ত দেখলাম। ছিটের মানুষ অনেক অত্যাচার, দুঃখ-কষ্ট সহ্য করছে। সেই দিন শ্যাষ। এলা হামরা বাংলাদেশি।’
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মইনুল হক বলেন, ৬৮ বছর ধরে উন্নয়নবঞ্চিত ছিটমহলবাসীদের জন্য সরকার যে ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, তা অপ্রতুল। ছিটবাসীদের উন্নয়নে সরকারসহ সবাইকে এগিয়ে আসতে হবে।
পঞ্চগড়: জেলার অভ্যন্তরে ভারতীয় ৩৬টি ছিটমহলে আনন্দ মিছিল হয়। সকালে বোদা উপজেলার অভ্যন্তরে পুটিমারী ছিটমহলবাসীরা পঞ্চগড়-ঢাকা মহাসড়কে আনন্দ মিছিল করেন। মিছিলে নারী ও শিশুরাও অংশ নেয়। মিছিলে ‘ছিলাম পরাধীন, হলাম স্বাধীন’—এ জাতীয় নানা স্লোগান দেওয়া হয়। ঘণ্টাখানেক মিছিলের পর ছিটমহলের অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়।
পুটিমারী ছিটমহল নাগরিক কমিটির চেয়ারম্যান তছলিম উদ্দীন বলেন, ‘আমাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করার জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই।’
পাটগ্রাম (লালমনিরহাট): জেলার হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারী ছিটমহলের বাসিন্দারাও ব্যাপক উল্লাসে করেন। ভারতীয় ১৩৫/১ নম্বরের গোতামারী ছিটমহলের বাসিন্দা বৃদ্ধ আছির উদ্দিন বলছিলেন, ‘ছিটমহলের নাগরিক বলে আমাদের ছেলেমেয়ের বিয়ে দিতে নানা সমস্যায় পড়তে হয়েছে। স্কুলে পাঠিয়েছি ভুয়া ঠিকানায়। তবে এখন আর কেউ ছিটের লোক বলে কথা বলতে পারবে না।’
জানতে চাইলে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ অংশের লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, ‘আমরা ৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্ত হলাম। এখন আমরা বাংলাদেশি নাগরিক।’