'আমরা কাদের নিয়ে থাকব?'

সাতক্ষীরা সদর হাসপাতালের মেঝেতে শোয়ানো ছিল ছয়টি লাশ। নিহতদের মধ্যে রয়েছেন একজন পুরুষ, দুজন নারী ও তিনটি শিশু। তাঁরা সবাই একই পরিবারের সদস্য। এক আত্মীয়ের জানাজায় অংশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁরা।
মঙ্গলবার রাত ১১টায় হাসপাতালের মেঝেতে বসে ছোট ভাই বাবুকে জড়িয়ে ধরে বিলাপ করছিলেন রোজিনা খাতুন। নিহতদের মধ্যে রয়েছেন তাঁর শাশুড়ি ও দুই সন্তান। বাকিরাও আত্মীয়। রোজিনা বলছিলেন, ‘সোনা-মানিককে আল্লাহ তুলে নিলে। কি দোষ করেছিলাম আমরা। আমাদের নিলে না কেন। এমন শাস্তি কেন দিলে। এই বাবু বল, এখন আমরা কাদের নিয়ে থাকব?’
রোজিনা খাতুনের পাশে বসে ফুঁপিয়ে কাঁদছিলেন তাঁর স্বামী মনিরুজ্জামান। গতকাল মঙ্গলবার রাতে সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় রোজিনার ছেলে-মেয়ে ও শাশুড়িসহ নিহত হয়েছেন ছয়জন আত্মীয়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০জন। একই পিকআপের যাত্রী ছিলেন রোজিনা ও মনিরুজ্জামানও।
নিহতরা হলেন—রোজিনা ও মনিরুজ্জামানের ছেলে আশিকুর রহমান (১২) ও মেয়ে মিম (৫), মনিরুজ্জামানের মা আকলিমা খাতুন (৬৫), আত্মীয় সাইদুর রহমান (৩০), সাব্বির হোসেন (১২) ও নূরবানু (৫০)। নিহতদের সবার বাড়ি সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কালিকাপুর ও বাজারগ্রামে।
মনিরুজ্জামানের চাচাতো ভাই নূর হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর চাচাশ্বশুর এলাহি বক্স মোড়লের মরদেহ দেখতে ও জানাযায় অংশ নিতে আত্মীয়-স্বজন মিলে মোট ২২ জন গতকাল একটি ভাড়া করা পিকআপে খুলনার বসুপাড়ায় গিয়েছিলেন। খুলনায় থেকে যান দুজন। সন্ধ্যায় বাকি ২০ জন খুলনা থেকে ওই পিকআপে করেই সাতক্ষীরা ফিরছিলেন। পথে তালা উপজেলার ভৈরবনগর এলাকায় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন করায় মঙ্গলবার রাতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ হস্তান্তর করা হয়। দুর্ঘটনায় আহত রেবেকা খাতুন (৪০), লিয়াকত আলী (৬০), আশরাফুল হোসেন ও মোহাম্মদ আলীকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নূর হোসেন জানান, জানাজা শেষে নিহতদের লাশ দাফন করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস বলেন, আহতদের মধ্যে একজন বাদে বাকিরা ভালো আছেন। লিয়াকত আলী নামের এক ব্যক্তির অবস্থা গুরুতর।