'আমরা কি হাল্লা রাজার দেশে বাস করছি?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, ‘এখন কথা বলতে অনেক চিন্তাভাবনা করতে হচ্ছে। বাংলাদেশে এখন সবচেয়ে বেশি শঙ্কা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে কি না। সত্যজিৎ রায়ের গুপী গাইন বাঘা বাইন-এর হাল্লা রাজা দেশের মানুষের জিব কেটে দিয়েছিলেন, যাতে তারা কথা বলতে না পারে। আমরা কি হাল্লা রাজার দেশে বাস করছি?’
গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে সুলতানা কামাল এসব কথা বলেন। জাতীয় মানবাধিকার কমিশন এ সেমিনারের আয়োজন করে।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে সুলতানা কামাল বলেন, অভিজিৎরা নির্মম হত্যার শিকার হচ্ছে। আর এসব ক্ষেত্রে রাষ্ট্র আশ্চর্যজনকভাবে নিশ্চুপ। ব্লগারদের প্রসঙ্গে পাল্টা কথা শুনতে হচ্ছে, আপনাদেরও সাবধান হওয়া উচিত ছিল। তিনি প্রশ্ন তুলে বলেন, ধর্মবিশ্বাস মানে যার যার ব্যক্তিগত বিষয়। মানুষ মানুষকে কেন তার জন্য হত্যা করতে পারবে? যে সরকার নিজেকে গণতান্ত্রিক সরকার দাবি করে, সেই সরকারের আমলে এগুলো শোভা পায় না।
সেমিনারে সভাপতির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান আন্তর্জাতিক মানবাধিকার দিবসে নারায়ণগঞ্জে গণপিটুনিতে কয়েকজনকে মেরে ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, গণপিটুনিতে মানুষের মৃত্যু হলে মনে হয়, যেন কারও কোনো দায় থাকে না। এ ধরনের ঘটনায় দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে।
সেমিনারে ‘মত প্রকাশের স্বাধীনতা, ধর্মতন্ত্র ও মানবাধিকার: এ সময়ের বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ পড়ে শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক রোকেয়া চৌধুরী। সেমিনারে মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন, বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহযোগী সম্পাদক খালেদ মুহিউদ্দীন আলোচনায় অংশ নেন।