'আমরা কেন দোষী হব?'

অ্যাপসভিত্তিক কোনো পরিবহনের বিরুদ্ধে নয়, ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের দাবি নীতিমালার। তাঁরা বলছেন, অবৈধ কোনো পরিবহন রাজধানীতে যেন না চলে। এ ছাড়া গণমাধ্যমে ‘বিকৃত’ উপস্থাপন, জমার টাকা বেশি হওয়ায় ও মালিকপক্ষের জুলুমের কারণে তাঁরা জনগণের কাছে দোষী হয়ে পড়েছেন।
ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ করে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে মেয়াদোত্তীর্ণ অটোরিকশা বাতিল ও চালকদের মধ্যে নতুন অটোরিকশা বিতরণসহ আট দফা দাবিতে এ সমাবেশ হয়।
১৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে এ শ্রমিক সংগঠন ধর্মঘটের ডাকসহ আট দফা দাবির ছয় দফা কর্মসূচি ঘোষণা করে। দাবির মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে ‘বিআরটিএ কর্তৃক অনুমোদনহীন উবার, পাঠাওসহ যেকোনো অবৈধ অ্যাপসনির্ভর যান চলাচল বন্ধ করতে হবে’।
এ ঘোষণার পর এঁরা সমালোচনার মুখে পড়েন।
সমাবেশে সংগঠনটির সদস্যসচিব সাখাওয়াত হোসেন দুলাল বলেন, ‘কোনো পরিবহন বন্ধের কথা বলিনি। দেশে কোনো অবৈধ পরিবহন চলতে পারে না। সরকার নীতিমালা করুক। আমরাও অ্যাপে আসব।’
সংগঠনের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক চৌধুরী বলেন, যাত্রীরা সব তাঁদের বিপক্ষে চলে গেছে। তাঁরা কেন বেশি ভাড়া নেন, তা কেউ জানতে চান না। বদনাম চালকদের হচ্ছে। চালকদের সাজা হলেও মালিকদের কখনো সাজা হয় না।
গণমাধ্যমে তাঁদের দাবিকে’ বিকৃতভাবে’ উপস্থাপন করা হয়েছে বলে উল্লেখ করে সংগঠনের আহ্বায়ক আজিজুল হক সংবাদকর্মীদের সঠিক দাবি তুলে ধরতে বলেন।
সোহরাব খান নামের এক নেতা বলেন, মালিকরা তাঁদের ওপর জুলুম করছেন। বাধ্য হয়েই বেশি ভাড়া নিতে হয়। তাঁদের সঙ্গে আলোচনা না করে জমা ৬০০ টাকা থেকে ৯০০ টাকা করা হয়েছে উল্লেখ করে বলেন, ‘আমরা কেন দোষী হব?’

বিশেষ অতিথির বক্তব্যে যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য নাজমুল হক প্রধান বলেন, কমিটির সর্বশেষ মিটিংয়ে জানতে চাওয়া হয়েছিল নতুন সিএনজিচালিত অটোরিকশার বিষয়ে। পরবর্তী মিটিংয়ে এর সদুত্তর না পেলে তিনিও শ্রমিকদের সঙ্গে আন্দোলনে নামবেন।
মেয়াদোত্তীর্ণ অটোরিকশা বাতিল করে ঢাকা-চট্টগ্রাম মিলিয়ে নয় হাজার নতুন সিএনজিচালিত অটোরিকশা বিতরণের দাবি জানান এ সংগঠনে নেতারা। তাঁরা ‘চলন্ত বোমা’ নিয়ে রাস্তায় নামতে চান না। এ ছাড়া মালিকদের জমার টাকা বেশি নেওয়া, পার্কিংয়ে জায়গা না দিয়ে অবৈধ পার্কিং মামলা ও রেকার বিলের বিরুদ্ধেও অভিযোগ করেন।
ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব সাখাওয়াত হোসেন দুলাল প্রথম আলোকে বলেন, সমাবেশ শেষে তাঁরা সচিবালয়ে গিয়ে স্মারকলিপি দিয়েছেন। তিনি বলেন, ‘কিছু অনলাইন মিডিয়ার কারণে আমাদের মূল দাবি আড়াল হয়ে গেছে। আমাদের এখন আ্যাপসবিরোধী বানিয়ে দিয়েছে।’ তাঁরাও অ্যাপসের প্রক্রিয়ায় আসতে চান। মালিকপক্ষের সঙ্গে আলোচনার ব্যাপারে বলেন, মালিকপক্ষ মিটিং থেকে চলে যায়। তবে বাংলাদেশ ডিজিটাল হচ্ছে, প্রযুক্তি ব্যবহার না করে উপায় নেই।
সমাবেশ ও ধর্মঘটের বিষয়ে ঢাকা মহানগর অটোরিকশা মালিক সমিতির সভাপতি বরকত উল্লাহ বুলু প্রথম আলোকে বলেন, ‘গাড়ি দেওয়ার এখতিয়ার আমাদের না। আমরা গত বছর ইঞ্জিন ও গ্যাস সিলিন্ডার পরিবর্তন করে মেয়াদ চেয়েছিলাম।’ সিএনজি অটোরিকশা অ্যাপসের আওতায় শ্রমিক সংগঠনের আসার ব্যাপারে তিনি বলেন, তাঁরা নিজেরাই তো এর বিরুদ্ধে ধর্মঘট ডেকেছে। সরকার রাইড শেয়ারিং নীতিমালা করছে উল্লেখ করে এই নেতা বলেন, নীতিমালা হওয়ার পরে তাঁরা দেখবেন যদি লাভবান হওয়া যায় তাহলে সিদ্ধান্ত নেবেন। জমার টাকা নেওয়ার ক্ষেত্রে একেক মালিক একেক রকম নেন বলে তিনিও স্বীকার করেন।