'আমরা কোনো দিন টুল অ বইতাম পারছি না'

ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ছয় বছর ধরে কোনো বেঞ্চ বা আসবাব নেই। এ বিদ্যালয়ের ২৩৫ জন শিক্ষার্থী মাটিতে চাটাই বিছিয়ে ক্লাস করে।
খারুয়া ইউনিয়নের এ বিদ্যালয়ে ১ আগস্ট গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের পুরো মাঠে দালান নির্মাণের সামগ্রী রাখা হয়েছে। নতুন একটি ভবন নির্মাণের কাজ মে মােস শুরু হয়েছে। আরেক দিকে পরিত্যক্ত একতলা ভবন। সেখানে চলছে দ্বিতীয় শ্রেণির ক্লাস। প্রাক্-প্রাথমিক, প্রথম, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলে বিদ্যালয়ের অদূরে ধানখেতের পাশে।
সেখানে অল্প জায়গায় টিনের ছাউনি দেওয়া হয়েছে। কিন্তু ছাউনির নিচে জায়গা না হওয়ায় শিক্ষার্থীরা ছড়িয়ে-ছিটিয়ে ক্লাস করছে। সবাই মাটিতে চাটাই বিছিয়ে ক্লাস করছে। বিদ্যালয়ে আসবাব বলতে আছে শুধু প্লাস্টিকের কয়েকটি চেয়ার।
চতুর্থ শ্রেণির তানিয়া আক্তার বলে, ‘স্যার ক্লাস ওয়ান থাইক্কা এই ইস্কুলে পড়তাছি। আমরা কোনো দিন টুল অ বইতাম পারছি না।’
সহকারী শিক্ষক মো. বাহাউদ্দিন বলেন, ১৯৯৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তখন সেটা নিবন্ধিত বেসরকারি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ছিল। প্রতিষ্ঠার সময় এখানে অনেক বেঞ্চ ছিল। কয়েক বছর পর বিদ্যালয় ভবনটি পুরোনো হয়ে যাওয়ায় দরজা-জানালা ভেঙে যায়। তখন ধীরে ধীরে সব বেঞ্চ চুরি হয়ে যায়। পরে কর্তৃপক্ষ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। তারপরও উপায় না থাকায় এর একটি কক্ষে ক্লাস হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষকেরা আরও বলেন, ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। এরপর আড়াই বছর কেটে গেছে। বেঞ্চের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো তাঁরা একটি বেঞ্চও বরাদ্দ পাননি।
কাদিরাবাদ গ্রামের অভিভাবক কামরুন্নাহার (৩৫) বলেন, তাঁর এক ছেলে এ বিদ্যালয় থেকে প্রাথমিকের পাঠ শেষ করে এখন মাধ্যমিকে পড়ছে। সেও বেঞ্চে বসতে পারেনি।
বিদ্যালয়ের মাঠের এক পাশে টিনের ছাউনি দেওয়া খোলা চালার নিচে পড়াচ্ছিলেন শরীফা জাহান। তিনি বলেন, তিনি জুলাই মাসে এখানে যোগ দিয়েছেন। তখন থেকেই দেখছেন এ অবস্থা। আরেক শিক্ষক নাজমা আক্তার আশা করে বলেন, নতুন ভবন হয়ে গেলে হয়তো বেঞ্চ পাওয়া যাবে।
তবে ওই দিন দাপ্তরিক কাজে বাইরে থাকায় প্রধান শিক্ষক হজরত আলীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনারকলী নাজনীন বলেন, এ ধরনের কোনো তথ্য তাঁর জানা নেই।